আমেরিকা

প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ছোট পাহাড়ি শহর ব্যারাকভিলে পুরো পুলিশ বিভাগকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছে। প্রমাণাগারে (এভিডেন্স রুম) রহস্যজনকভাবে ঢুকে পড়ার ঘটনার পর এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার ব্যারাকভিল পুলিশ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মেয়র ও সিটি কাউন্সিলের সিদ্ধান্তে বিভাগের সব সদস্যকে "তাৎক্ষণিকভাবে" দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পোস্টে পুলিশ সদস্যরা লেখেন, "আমাদের দায়িত্ব পালনের সময় ব্যারাকভিলবাসী যে আস্থা, সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই শহরের নিরাপত্তায় কাজ করা আমাদের জন্য ছিল গর্বের বিষয়।" এর কয়েক দিন আগেই ব্যারাকভিল পুলিশের প্রধান জ্যাকারি ফ্রিবার্ন পদত্যাগ করেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশ বিভাগের ওপর কাউন্সিল সদস্যদের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে বিরোধের জেরেই তিনি পদ ছাড়েন। মঙ্গলবার সকালে বিভাগের সার্জেন্ট হান্ট কর্মস্থলে এসে দেখেন, পুলিশের প্রমাণাগারে কেউ ঢুকে তছনছ করেছে। তিনি বিষয়টি নিয়ে মেয়র টম স্ট্রেইট ও টাউন কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন। হান্টের দাবি, এর আগে কাউন্সিলের পক্ষ থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে বিভাগের বিভিন্ন নথি ও সরঞ্জামের তালিকা (ইনভেন্টরি) করার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। পরে এক কাউন্সিল সদস্য পুলিশের চাবির একটি সেট নিজের কাছে নেওয়ার কথাও স্বীকার করেন। সার্জেন্ট হান্ট অভিযোগ করেন, প্রমাণাগারে অনুপ্রবেশের ঘটনায় শহর প্রশাসনের কয়েকজন সদস্য জড়িত থাকতে পারেন। এই অভিযোগ তোলার পরই তাকে এবং অপর এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই সময়ে পুলিশের এক দাপ্তরিক কর্মচারীও চাকরি ছেড়ে দেন। হান্ট জানিয়েছেন, তিনি হুইসেলব্লোয়ার সুরক্ষার জন্য আবেদন করবেন। এদিকে ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত টাউন কাউন্সিলের সভা বাতিল করা হয়। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, আলোচ্যসূচির বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় সভা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাকভিল শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপাতত ম্যারিয়ন কাউন্টি শেরিফের কার্যালয় পালন করবে। পদত্যাগের আগে দেওয়া এক বিবৃতিতে সাবেক পুলিশপ্রধান জ্যাকারি ফ্রিবার্ন বলেন, নতুন নির্বাচিত কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে তাকে জানানো হয়েছিল, ভবিষ্যতে একজন কাউন্সিল সদস্য সরাসরি পুলিশ বিভাগের তদারকি করবেন। তার মতে, এটি ওয়েস্ট ভার্জিনিয়ার আইনবিরোধী। তিনি বলেন, "শহরের দৈনন্দিন কার্যক্রম ও পুলিশ বিভাগের দায়িত্ব মেয়রের অধীনে থাকে। আর মেয়র কেবল পুলিশপ্রধানকেই বিভাগের তদারকির দায়িত্ব দিতে পারেন।" ফ্রিবার্নের দাবি, কাউন্সিলের পক্ষ থেকে পুলিশ বিভাগের নীতিমালা ও কার্যপদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা জানানো হয়েছিল। এমনকি পুলিশ সদস্যদের কাজের সময় এবং অধিকাংশ কার্যক্রম আগাম অনুমোদনের শর্তও প্রস্তাব করা হয়। তিনি বলেন, "এ ধরনের নিয়ন্ত্রণ সম্প্রদায়ের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশ সদস্য ও ব্যারাকভিলের বাসিন্দাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই আমি তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, যাতে বিষয়গুলো স্বচ্ছভাবে তদন্ত ও সমাধান করা যায়।" স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত ফোন বা সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও শহর প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম