নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা সাদেক মিয়া (৪২) নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত সাদেক আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা কাইয়ুম গ্রুপের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম ও কাইয়ুম গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ ঘটে।
সোমবার ভোরে শাহ আলম সমর্থিত একটি দল নদীপথে মুরাদনগরে হামলার চেষ্টা করলে কাইয়ুম গ্রুপ বাধা দেয়। এতে উভয়পক্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ হয়।
ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর আরও দুইজন নিহত হন। সব মিলিয়ে তিনজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।