বাংলাদেশ

পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

চট্টগ্রাম নগরীতে দুপুরের খাবার খেতে গিয়ে নিজেদের টহল পিকআপ ভ্যান হারিয়েছেন পুলিশ সদস্যরা। সড়কের পাশে গাড়িটি রেখে পাশের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। ফিরে এসে আর গাড়িটির সন্ধান পাননি। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পিকআপ ভ্যানটি চালিয়ে নিয়ে যেতে দেখা যায়। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গাড়িটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুরোনো একটি টহল পিকআপ ভ্যান। পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের সময় পিকআপ ভ্যানটি সড়কের পাশে পার্ক করে রেখে দুপুরের খাবার খেতে যান সদস্যরা। কিছুক্ষণ পর ফিরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি না পেয়ে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন। এদিকে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, গাড়িটি পুরোনো একটি টহল পিকআপ ভ্যান। পুলিশ সদস্যরা সেটি পার্ক করে রেখে খাবার খেতে গিয়েছিলেন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরি হওয়া গাড়িটি উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।