বাংলাদেশ

শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক : ফখরুল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কাউন্সিলে বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। উনার (শেখ হাসিনা) এ বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে তাদের লক্ষ্য কি, এবং তারা কি করতে চান? তাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

তিনি বলেন, ১৯৭২-৭৫ সালে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। বর্তমানেও তাদের সেই দল ক্ষমতা দখল করে আছে। এখন সময় পাল্টেছে, তাদের কৌশলও পাল্টেছে। এখন তারা জনগণকে বলছে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে।

বিএনপি মহাসচিব বলেন, এ রকম একটা পরিবেশে ঐক্যের বিকল্প নেই। দলের মধ্যে এবং জাতীয় ঐক্য গঠন করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের ২০তম কাউন্সিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা নিয়ে জনগণের মধ্যে সাড়া না থাকলেও মিডিয়ায় সাড়া ছিল।

আফসার আহমেদ সিদ্দিকীর স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি একজন সত্যিকারের রাজনীতিবিদ ছিলেন। বিএনপিকে প্রগতিশীল রাজনৈতিক দলে পরিণত করতে তার ভূমিকা ছিল। তিনি স্বৈরাচারী এরশাদবিরোধী যুগপৎ আন্দোলন করেছেন। বর্তমান এই দুঃসময়ে তার মত রাজনীতিবিদের বড় প্রয়োজন ছিল।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।