বাংলাদেশ

দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একই দিনে দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির না হওয়ায় ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান ও মানহানি মামলায় ঢাকা মহানগর হাকিম নুর নবী এ পরোয়ানা জারি করেন।

এতিমদের জন্য বিদেশি সাহায্য দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করে দুদক। ২০০৮ সনে ৩ জুলাই রমনা থানায় মামলাটি করা হয়। ২০০৯ সনের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

অন্যদিকে মানহানি মামলায় গত ৫ অক্টোবর খালেদা জিয়াকে ১২ অক্টোবর আদালতে হাজির হওয়ার আদেশ দিয়ে শেষবারের মতো সময় মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
 ২০১৬ সরে ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মানহানির মামলা করেন।

 চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করে। মামলার অপর আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
 মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২০০১ সনে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সাথে জোট বেঁধে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তাঁদের বাড়িতে এবং গাড়িতে তুলে দেন।

 জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ১৯৭৫ সনের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ দখল করেন। ১৯৮১ সনের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে এলে জিয়াউর রহমান তাঁকে হুমকি ও অবরুদ্ধ করে রাখেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশে যেন ফিরতে না পারেন সেই জন্য সরকার এভাবে একই দিনে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছে।”

 গত মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় খালেদা জিয়াসহ ‘পলাতক’ আসামিদের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 এর আগে গত ৯ অক্টোবর ৮ জন মানুষ পুড়িয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় কুমিল্লার আদালত বেগম খালেদা জিয়াকে গ্রেফতারি পারোয়ানা জারি করেন।

আগামীকাল দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ :
শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি। দলের চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি