বাংলাদেশ

ফেরার পথেও ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে পেট্রোল বোমা হামলা ও আগুন

গাড়িবহর থেকে মো. ইলিয়াস ও মফিজুর রহমান: চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরের বিপরীতে ২ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বিকেল পৌনে পাঁচটায় খালেদা জিয়ার গাড়ির ১০ গজ ও স্থানীয় র‌্যাব অফিসের ১০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তারা আরও জানান, ক্ল্যাসিক ও শান্ত পরিবহনের দু’টি বাস স্থানীয় নাজির আহমেদের সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অজ্ঞাত ২০/২৫ জন দুর্বৃত্তরা গাড়ি দু’টি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোঁড়ে। দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমা থেকে আগুনের সূত্রপাত ঘটে।  ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, আগুনের ঘটনার পর পর রাস্তার দুই পাশে অবস্থান নেয়া সাধারণ মানুষ হামলাকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। এদিকে হামলাচেষ্টার আগমুহূর্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িটি চারপাশে মোটরসাইকেল দিয়ে নিরাপদে ফেনী মোহাম্মদ আলী বাজার পর্যন্ত এগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, বেগম জিয়ার আগমন উপলক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল কয়েক হাজার নেতা-কর্মী  লালপুল থেকে শুরু করে মহিপাল ও মোহাম্মদ আলী পর্যন্ত রাস্তার দু’পাশে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান করে। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন নজির আহম্মদ সিএনজি পাম্প এর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নেতা-কর্মীরা বেগম জিয়াকে স্বাগত জানাতে ব্যস্ত ছিল। এমন সময় রাস্তার পার্শ্বে দাঁড়ানো ২টি  গাড়িতে, যার নং- ১১-০০৯৬, ১১-১৮৯৬,  হঠাৎ করে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ ও নেতা কর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরকে ফেনী পার করে দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  এদিকে পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। ঘটনার পর থেকে ফেনীতে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর শনিবার খালেদা জিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিরদর্শনে যাওয়ার সময় ফেনী সার্কিট হাউজের আগে মোহাম্মদ আলী, স্টার লাইন পেট্রোল পাম্প, ফতেহপুর রেল ক্রসিং, মহিপাল ও লালপুল নামক স্থানে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা সাংবাদিকের গাড়িসহ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।  এতে প্রায় ২০ জন সাংবাদিকসহ প্রায় শতাধিক নেতা-কর্মী আহত হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি