বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক আর নেই

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। বৃহস্পতিবার বিকেল চারটা ২৩ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির সিইও ডা. আব্দুর নূর তুষার এবং তার পিএস মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যকালে আনিসুল হকের বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর সময় স্ত্রী রুবানা হক ও সন্তানরা তার পাশে ছিলেন।

পরিবারের পক্ষ থেকে আব্দুর নূর তুষার গণমাধ্যমকে বলেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে সকলকে পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, নন্দিত টেলিভিশন ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হক বৃহস্পতিবার (৩০ নভেম্বর) লন্ডন সময় বিকেল চারটা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিট) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাশে সেই সময় উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র ও কন্যাদ্বয়।’

তিনি জানান, আনিসুল হকের মরদেহ আগামী শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় আনা হবে। ঢাকাসহ সারাদেশে তার সকল শুভান্যুধায়ী, গুণগ্রাহী যারা তার জন্য দোয়া করেছেন, সকল গণমাধ্যমকর্মী ও তার স্বজনদের আমরা তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা দোয়া করবেন যাতে তিনি জান্নাতবাসী হন।

আব্দুর নূর তুষার আরও জানান, মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আছর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে আগামীকাল শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে আনিসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


১৯৫২ সালে নোয়াখালী জেলায় আনিসুল হকের জন্ম। তার বাবার নাম শরিফুল হক। আনিসুল হকের শৈশবের বেশ কিছু সময় কাটে তার নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।

আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তাদের তিনজন সন্তান রয়েছে। বড় ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে মোহাম্মদি গ্রুপের পরিচালক ও দেশ এনার্জি লিমিটেডেরর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।

এছাড়া আনিসুল হকের ভাই বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

উল্লেখ্য, আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ার কথা জানিয়েছিলেন।

তার চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং আশানুরূপ আরোগ্য লাভ করতে কয়েক মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন তারা।

দীর্ঘ কয়েক মাসের সব প্রচেষ্টা ব্যর্থ করে আনিসুল হক বৃহস্পতিবার চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে বাংলাদেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি