বাংলাদেশ

বিজয় উদযাপন, সাতচল্লিশে বাংলাদেশ

মহান বিজয়ের ৪৬ বছর পূর্তি হলো ১৬ ডিসেম্বর। বিনম্র শ্রদ্ধাবনত চিত্তে সমগ্র জাতি ৩০ লাখ শহীদকে আরো একবার জানিয়ে দিল, ‘আমরা তোমাদের ভুলব না’।
 
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের আজকের দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সেই বিজয়ের ৪৬তম বার্ষিকী আজ শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপন করেছে সমগ্র জাতি। এরই মাধ্যমে ৪৭তম বছরে পা দিল স্বাধীন বাংলাদেশ। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জীবিত জাতি দিবসটি উদযাপন করেছে অন্যরকম অনুভূতি নিয়ে।

এবার বিজয় দিবসের উল্লেখযোগ্য দিক ছিল, স্বাধীনতাবিরোধীদের বিচার চেয়ে প্রতিবছর যে শপথ নেওয়া হয়, শ্লোগান হয়- এবার তা হতে হয়নি। কারণ, বাংলার বুকে স্বাধীনতাবিরোধীদের বিচার হয়েছে, প্রক্রিয়াধীন আছে অনেকের বিচার প্রক্রিয়া। তবে এবারও শপথ হয়েছে, তা হচ্ছে- আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার শপথ। আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাকে আরো ইতিবাচকভাবে তুলে ধরার শপথ।

এর সাথে বাড়তি আয়োজন ও উপলক্ষ হিসেবে যোগ হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হওয়া।

দেশ-বিদেশে এরকম নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়।