বাংলাদেশ

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তার উপর হামলা’

‘ভূতের বাচ্চা সোলায়মান’ নামের উপন্যাসটি লেখার কারণে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর ফয়জুল হাসান হামলা চালিয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল স্বীকারোক্তিতে বলেছেন, জাফর ইকবাল ইসলামের শত্রু তাই তাকে হত্যা করার জন্য হামলা করেছি। উনি নিজেও নাস্তিক এবং অন্য সবাইকেও নাস্তিক বানানোর জন্য প্রচার করে বেড়াচ্ছেন। তার লেখা পড়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে।

৪ মার্চ রবিবার র‌্যাব-৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ সাংবাদিকদের এসব জানান।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ‘ভূতের বাচ্চা সোলায়মান’ নামের একটি উপন্যাসের কথা উল্লেখ করে ফয়জুল বলেছে, এই উপন্যাসের মাধ্যমে জাফর ইকবাল ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছে। তাই তিনি হামলা করেছেন।

জিজ্ঞাসাবাদে আরও কিছু জানা গেছে কি না এমন প্রশ্নের জবাবে র‍্যাব অধিনায়ক বলেন, হামলাকারী এখন সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরে আর কিছু জানা সম্ভব হয়নি। সে সুস্থ হলে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব।

৩ মার্চ শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এরপর প্রথমে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, জাফর ইকবাল শঙ্কামুক্ত রয়েছেন।

হামলার এ সময়ই ছুরিকাঘাতকারীকে ধরে বেদম মারধর করেন শিক্ষার্থীরা।



এলএবাংলাটাইমস/এন/এলআরটি