আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ ও নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নাগরিকদের নিজ নিজ দেশের মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা সতর্কতা, স্থানীয় প্রশাসনের নির্দেশনা এবং সর্বশেষ সংবাদ নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থ, মার্কিন স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম