ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে ভারতের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। সংগঠনটির অভিযোগ, সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের বহু অ্যাকাউন্ট সীমিত করে রাখা হয়েছে। এসব অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে তারা।
শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এর আগের দিন শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের নেতাকর্মীরা।
শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মেটার কার্যালয় থাকা ভবনে প্রবেশ করেন। এ সময় কয়েকটি গাছের টব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ঘটনার দৃশ্য দেখা গেছে।
সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মনু জেইন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের বিক্ষোভের পর তাদের দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।
তবে সরকারের সমালোচনা করেন—এমন সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমিত রয়েছে বলে দাবি করেন তিনি। মনু জেইনের বক্তব্য, কোন ধরনের পোস্ট কীভাবে সীমিত করা হচ্ছে, সে বিষয়ে মেটাকে তাদের অ্যালগরিদমের কার্যপ্রণালি ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি সরকারের নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলোও ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
ব্যবহারকারীর সংখ্যার হিসাবে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। তবে হায়দরাবাদের বিক্ষোভ নিয়ে শুক্রবার কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরাতে সরকারের উদ্যোগ নিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ভারত সরকারের বক্তব্য, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলেই কেবল কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।
হায়দরাবাদে ভাঙচুরের ঘটনার সমালোচনা করেছেন তেলেঙ্গানা রাজ্যের এক বিরোধী রাজনীতিক। তাঁর মতে, এ ধরনের ঘটনা ব্যবসার নিরাপদ গন্তব্য হিসেবে শহরটির ভাবমূর্তির ক্ষতি করতে পারে। কংগ্রেসের নেতাকর্মীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারিও।
এদিকে, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকদের কনটেন্ট সরিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সংস্থাটির মতে, চলতি বছর এ ধরনের ঘটনা আরও বেশি ঘটছে।
গত ফেব্রুয়ারিতে বেআইনি কনটেন্ট সরানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জন্য নির্ধারিত সময়সীমা কমিয়ে দেয় ভারত সরকার। আগে এ ধরনের কনটেন্ট সরাতে ৩৬ ঘণ্টা সময় দেওয়া হতো। নতুন নিয়মে তা কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। অথচ ২০২৫ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।