প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্যালিফোর্নিয়ার সকল প্রতিষ্ঠানে। এবার ভাইরাসটির মুখে আর্থিক ক্ষতির মুখে পড়ল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া।
বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টির শুধু মার্চ মাসেই অপ্রত্যাশিতভাবে ৫৫৮ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।আর্থিক ক্ষতির বিষয়ে জানা যায়, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষার্থীদের আবাসন ও খাবার ফির চুক্তিগুলো বাতিল হয়ে যায়। সেইসাথে বিশ্ববিদ্যালয় কর্তৃক চালু হওয়া দূরবর্তী অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্যও নতুন করে ব্যয় বেড়ে যায়।
তাছাড়া, বিশ্ববিদ্যালয়টির মেডিকেল সেন্টারে হওয়া আবশ্যিক সার্জারিগুলো আর হচ্ছে না। যা বিশ্ববিদ্যালয়ের একটি আয়ের খাত ছিল। এভাবে শুধু এক মাসেই এমন অপ্রত্যাশিত খরচ হয়ে যায়।
গতকাল বুধবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট জানেট নাপোলিটানো গভর্নর গ্যাভিন নিউজম ও আইনসভার নেতাদের কাছে একটি চিঠি দেন। আর ওই চিঠিতে অপ্রত্যাশিত এই আর্থিক ব্যয়ের চিত্র বিস্তারিতভাবে বর্ণনা করেন।
সেইসাথে প্রাণঘাতী করোনাভাইরাসের সংকটকালীন এই সময়ে অভূতপূর্ব এই ব্যয় নির্বাহে সহায়তা করার জন্য আরও অর্থ সরবরাহ করতে বলেন।
তিনি আরও বলেন, করোনার সংক্রমণকালীন সময়েও রাজস্বের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খরচ বেড়ে গেছে। শিক্ষার্থীরা সবাই এখন যার যার বাড়ি চলে গেছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির মেডিকেল সেন্টারগুলো। তাছাড়া, ভাইরাসের প্রতিষেধক বের করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারগুলো।
আর এ সমস্ত কারণে অতিরিক্ত ব্যয় বেড়ে যাওয়ার কথা জানান, বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টির নারী প্রেসিডেন্ট। সম্প্রতি, তিনি ব্যয় বৃদ্ধি পেলেও মানবিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টি তার কর্মচারীদের বেতন ভাতা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
/এলএ বাংলা টাইমস/