পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। আর এরই মধ্যে ঘটে গেল এক ঘটনা।
শ্বেতাঙ্গদের বর্ণবাদ বিদ্বেষ নতুন কিছু নয়। আর এবার বর্ণবাদের দায় নিয়ে অবসরের ঘোষণা দিলেন বেভারলি হিলসের প্রথম নারী পুলিশ চিফ সান্দ্রা স্পাগনোলি।
ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই আজ শনিবার অবসর গ্রহণের ঘোষণা দেন নারী পুলিশ চীফ। স্পাগনোলির বিরুদ্ধে তার দফতরের অধীনস্ত অসংখ্য কর্মকর্তা বর্ণবাদী আচরণ ও মন্তব্যের অভিযোগ করে।
সেইসাথে শহরটির প্রথম নারী এই পুলিশ চীফের বিরুদ্ধে অনেকে বিভিন্ন রকমের হয়রানির অভিযোগও করেন। অবশ্য তার পক্ষে এসব অভিযোগের মামলায় লড়তে গিয়ে নগর কর্তৃপক্ষকে মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে।
এক অনুসন্ধানে জানা যায়, অভ্যন্তরীণ বিভাগের ই-মেইল অনুসারে স্প্যাগনোলির চাকরি থেকে ইস্তফা দানের শেষ সময় হবে ১৫ই মে। যদিও তিনি এখন থেকে অবসরকালীন সময় পর্যন্ত ছুটিতে থাকবেন।
বেভারলি হিলস সিটি ম্যানেজার জর্জ শ্যাভেজ এক বিবৃতিতে বলেন,“ এই নারী পুলিশ প্রধানের আমলে শহরে ব্যাপকভাবে অপরাধ হ্রাস পেয়েছে। তাছাড়া, তার আগমনে শহরের পুলিশ বিভাগে বৈচিত্র্য এসেছে।
সেইসাথে পুলিশের কার্যক্রমকে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া, সর্বোত্তম অনুশীলন ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে তিনি অনুকরণীয় হয়ে থাকবেন। তিনি নগরীর পক্ষ থেকে চীফ স্প্যাগনোলিকে কমিউনিটির প্রতি তার এমন অসাধারণ সেবার মানসিকতার জন্য ধন্যবাদ জানান।
স্প্যাগনোলি ২০১০ সালে বেভারলি হিলসের ইতিহাসের প্রথম মহিলা পুলিশ প্রধান হয়েছিলেন। আন্তর্জাতিক আসনে তিনি বোর্ডের সদস্য। ইতোপূর্বে নর্থ ক্যালিফোর্নিয়ায় সান লেয়ানড্রো এবং বেনিসিয়া পুলিশ বিভাগের নেতৃত্ব দানকারী পুলিশ প্রধানদের মধ্যে তিনি অন্যতম নির্বাচিত হয়েছিলেন।
/এলএ বাংলা টাইমস/