গভর্নর গেভিন নিউসাম ক্যালিফোর্নিয়ার স্কুলগুলো খোলে দেবার ব্যাপারে নতুন নির্দেশনা জারি করতে পারেন। ধারণা করা হচ্ছে তিনি শুক্রবার দুপুর বারোটার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিবেন।
লস এঞ্জেলেস, লং বিচ, সান ডিয়েগো, সান ফ্রান্সিস্কো, সাক্রোমেন্টো ও অকল্যান্ডসহ বেশ কিছু কাউন্টি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার কথা বলেছে। টরেন্স ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদের পরিবারের ওপর সিদ্ধান্ত নেবার দায়িত্ব দিয়েছে যে তারা তাদের সন্তানদের সরাসরি ক্লাসে পাঠাবে নাকি অনলাইন ক্লাস। কিন্তু স্টেটের এক হাজার সাইত্রিশটি স্কুল ডিসট্রিক্ট এখনও স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।
এর আগে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘প্রতিটা স্কুল জেলা স্বতন্ত্র। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা কোনটার ব্যাপারে আপস করা যায় না।’
এই সপ্তাহের শুরুতে ক্যালিফোর্নিয়ার শিক্ষা প্রধান সুপারইনটেনডেন্ট টনি থরমেন্ট লস এঞ্জেলেস ও সান ডিয়েগোর স্কুল গুলোর অনলাইনে ক্লাস নেবার প্রশংসা করেন। তবে থরমেন্ট যে সকল কাউন্টিতে করোনা সংক্রমণ কম সেখানে সরাসরি ক্লাস নেবার পক্ষে মত দেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ওই স্কুলগুলো নিরাপদভাবে খোলা যায়। তবে পর্যপ্ত সতর্ক হয়ে।’
এলএ বাংলা টাইমস/এস/আর