লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে কমেছে করোনা আক্রান্ত রোগী

লস এঞ্জেলেসে কমেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। শুক্রবার (২১ আগস্ট) লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। 

মেয়র এরিক গারসেটি বলেন, এপ্রিলের পর থেকেই কমতে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। গত তিন মাস ধরেই এই ধারাটি অব্যাহত রয়েছে৷ এটা অবশ্যই একটি সাফল্য।

তিনি আরো জানান, বর্তমানে ৪২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তাদেরকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। 

মেয়র জানান, বর্তমানে লস এঞ্জেলেসে করোনাভাইরাস সংক্রমণের হার দশমিক নয় দুই শতাংশ। গত সপ্তাহে সংক্রমণের হার ছিলো দশমিক আট ছয় শতাংশ। যদিও এটি গত সপ্তাহ থেকে কিঞ্চিৎ বেড়েছে, তবে যতোদিন পর্যন্ত সংখ্যাটি এক এর নিচে থাকবে, ততোদিন পর্যন্ত সংক্রমণের হার সীমিতই থাকবে। 

প্রসঙ্গত, এখন পর্যন্ত লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৪ জন, এরমধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৯১ জন। এছাড়াও এখন পর্যন্ত রাজ্যের ২০ লাখের উপর বাসিন্দাকে করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে। এরমধ্যে আক্রান্তের হার ৯ দশমিক ৮ শতাংশ। 


এলএবাংলাটাইমস/ওএম