ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড পার্ক অবশেষে খুলে দেওয়া হচ্ছে। এক বছর বন্ধ থাকার পর করোনার প্রকোপ কমে যাওয়ায় পার্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগামী শুক্রবার (৩০ এপ্রিল) থেকে দর্শনার্থী ও অতিথি সমাগমের জন্য পার্কটি খুলে দেওয়া হবে।
ইতোমধ্যে কাস্ট মেম্বারদের নিয়ে ছোটখাটো স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কাস্ট মেম্বারদের স্বজন ও বন্ধুদের আমন্ত্রিত করে পার্ক ভ্রমণের সুযোগ দেওয়া হয়।
পার্ক ভ্রমণের পাশাপাশি বিভিন্ন রাইডে চড়ার সুযোগ ছিলো। পার্কে কর্মরত এক বন্ধুর কাছ থেকে সৌজন্য টিকিট পেয়ে একজন পার্ক ভ্রমণে এসে জানান, খুব মজার সময় কাটিয়েছি। আমি প্রথমেই আমার প্রিয় রাইডে চড়েছি।
শিশুদেরকেও সৌজন্য টিকিট দেওয়া হয় ও পার্কের বিভিন্ন রাইডে চড়ার সুযোগ দেওয়া হয়। বিভিন্ন রাইডে চড়ে শিশুরা দারুণ সময় কাটিয়েছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।
একই সাথে এক বছরের বেশি সময় পরে কাজে ফিরতে পেরে আনন্দিত পার্কের কর্মীরাও। হাজার হাজার কর্মী আবারো ডিজনিল্যান্ড পার্কে কাজ করতে শুরু করবে শুক্রবার থেকেই।
কর্তৃপক্ষ জানায়, ধীরে ধীরে সকল কর্মীকেই কাজে ফিরিয়ে আনা হবে। আমরা আস্তে আস্তে প্রক্রিয়া শুরু করেছি।
পার্ক খুললেও করোনা পূর্ববর্তী চেহারা এখনই ফিরে পাচ্ছে না ডিজনিল্যান্ড। সক্ষমতার ২৫ শতাংশ খুলে দেওয়া হবে পার্কটির। একই সাথে আগত দর্শনার্থী ও কর্মীদের সবার মাস্ক ব্যবহার করতে হবে ও স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম