দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে একটি শক্তিশালী প্রশান্ত মহাসাগরীয় ঝড় ধেয়ে আসছে, যা অঞ্চলটিতে দুর্বল টর্নেডোর সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
মঙ্গলবার সকালে জাতীয় আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানিয়েছে যে একটি শক্তিশালী ঝড় মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত অঞ্চলটিকে প্রভাবিত করবে। এই সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি এলাকায় তুষারপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে তারা সম্ভাব্য কিছু ভয়াবহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যার মধ্যে ক্ষণস্থায়ী, ছোট ও দুর্বল টর্নেডো তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে সেন্ট্রাল কোস্ট এলাকায় বৃষ্টিপাত শুরু হবে এবং এরপর ধীরে ধীরে দক্ষিণ ও পূর্ব দিকের এলাকাগুলোতে ছড়িয়ে পড়বে।
বৃহস্পতিবার ঝড়ের দ্বিতীয় ধাপ সবচেয়ে শক্তিশালী হতে পারে এবং এ সময় বৃষ্টিপাতের মাত্রা তীব্র আকার ধারণ করতে পারে।
এই ঝড়ের ফলে উপকূলীয় ও উপত্যকা অঞ্চলে এক থেকে তিন ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে, যা বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে শেষ হবে। অন্যদিকে, পাহাড়ি এলাকাগুলোতে ছয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কির্ক হকিন্স।
এছাড়া বজ্রঝড় এবং দশ থেকে বিশ শতাংশ সম্ভাবনায় বড় ধরনের বন্যা ও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
শনিবার থেকে আবহাওয়া আবারও শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল হতে পারে। তবে পরবর্তী সপ্তাহে আরও দুই দফা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এলএবাংলাটাইমস/ওএম