লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

লস এঞ্জেলেসের স্টুডিও সিটিতে পানির প্রধান সরবরাহ পাইপ (ওয়াটার মেইন) ফেটে কয়েকটি সড়ক প্লাবিত হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেল থেকে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে কোল্ডওয়াটার ক্যানিয়ন অ্যাভিনিউয়ের ৪৩০০ ব্লকে, উডব্রিজ স্ট্রিটের কাছে ৮ ইঞ্চি ব্যাসের একটি ঢালাই লোহার পানির পাইপ ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে আশপাশের সড়কে পানি ছড়িয়ে পড়ে। ঘটনার পর লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার (এলএডিডব্লিউপি)–এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপ মেরামতের কাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সড়কে পানি জমে যাওয়ার পরও কিছুক্ষণ গাড়ি চলাচল করছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। মেরামতকাজের সুবিধার্থে আশপাশের কয়েকটি বাসাবাড়িতে সাময়িকভাবে পানির সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে পাইপটি ফেটে গেছে, তা এখনো জানা যায়নি। এলএডিডব্লিউপির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৬টার মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। এদিকে, ওই পথে যাতায়াতকারী চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম