লস এঞ্জেলেস

চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলতি সপ্তাহজুড়ে তীব্র গরমের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিনই তাপমাত্রা বাড়বে। এ কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জারি থাকা হিট অ্যাডভাইজরির পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত 'এক্সট্রিম হিট ওয়াচ' কার্যকর থাকবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে এবং কিছু স্থানে তা ১১০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে পারে। এদিকে মৌসুমি আর্দ্রতা বা মনসুনজনিত আর্দ্র বাতাস প্রবেশ করায় গরমের অস্বস্তি আরও বাড়বে। একই সঙ্গে প্রতিদিন পাহাড়ি ও মরুভূমি অঞ্চলে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে উপক্রান্তীয় অঞ্চলের আর্দ্রতা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করছে। এর ফলে বিশেষ করে পাহাড়ি ও মরুভূমি এলাকায় বজ্রঝড় হওয়ার সম্ভাবনা বেশি। সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলীয় এলাকাগুলোতেও তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছাতে পারে। রাতের বেলাতেও অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে, অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে যাদের বাইরে কাজ করতে হবে, তারা যেন দিনের শুরুতেই প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করেন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং দীর্ঘ সময় রোদে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উচ্চচাপ বলয়ের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে শুক্রবারের মধ্যে অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নেমে আসতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম