ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগামী মাস থেকে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্যাকেজিংয়ের ওপর নতুন ফি কার্যকর হতে যাচ্ছে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২২ সালে পাস হওয়া সেনেট বিল ৫৪ (SB 54) বা প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও প্যাকেজিং উৎপাদক দায়বদ্ধতা আইন-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের লক্ষ্য হলো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ২০৩২ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া সব ধরনের প্যাকেজিং পুনর্ব্যবহারযোগ্য বা কম্পোস্টযোগ্য করা।
এই লক্ষ্যে যেসব প্রতিষ্ঠান পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্যাকেজিং ব্যবহার করবে, তাদের বেশি ফি দিতে হবে। আর পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচ বহন করবে।
ক্যালিফোর্নিয়া সরকারের হিসাব অনুযায়ী, নতুন এই ফি কার্যকর হলে প্রতিটি পরিবারকে বছরে অতিরিক্ত ৬৬ থেকে ১৯০ ডলার পর্যন্ত ব্যয় করতে হতে পারে। কারণ উৎপাদক প্রতিষ্ঠানগুলো নতুন নিয়ম মেনে চলার অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত পণ্যের দামের মাধ্যমে ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে পারে।
রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা ক্যালরিসাইকেল (CalRecycle) জানিয়েছে, প্রায় ৫ হাজার ৭৪১টি প্রতিষ্ঠানকে নতুন বিধিমালা মেনে চলতে হবে। এসব প্রতিষ্ঠানের বার্ষিক গড় সম্মতি ব্যয় প্রায় ৪ লাখ ৫৭ হাজার ডলার হতে পারে। তবে কোনো প্রতিষ্ঠানের প্যাকেজিংয়ের ধরন ও পরিমাণের ওপর নির্ভর করে প্রকৃত ব্যয় কম-বেশি হতে পারে।
তবে যেসব প্রতিষ্ঠানের বার্ষিক মোট বিক্রি ১০ লাখ ডলারের কম, তারা আইনের অনেক শর্ত থেকেই ছাড় পাবে। এসব ছোট প্রতিষ্ঠানের জন্য দুই বছরে গড়ে প্রায় ৩০৯ ডলার, অর্থাৎ বছরে প্রায় ১৫৫ ডলার প্রশাসনিক ও নথিপত্র সংক্রান্ত খরচ হতে পারে। ক্যালরিসাইকেলের হিসাবে, প্রায় ৭ হাজার ৮৭৪টি প্রতিষ্ঠান এই ছাড় পাওয়ার যোগ্য।
অন্যদিকে, উৎপাদক প্রতিষ্ঠানগুলো যদি নতুন ফি সামাল দিতে পণ্যের দাম বাড়ায়, তাহলে ক্যালিফোর্নিয়ার প্রায় ৫ লাখ ৪৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠানও বাড়তি ব্যয়ের মুখে পড়বে। রাজ্যের হিসাবে, প্রতিটি প্রতিষ্ঠানকে বছরে গড়ে প্রায় ৪ হাজার ৮০৬ ডলার অতিরিক্ত খরচ করতে হতে পারে।
তবে যদি উৎপাদকরা নতুন ব্যয়ের পুরোটা নয়, মাত্র ৩০ শতাংশ ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ব্যয় কমে বছরে গড়ে ১ হাজার ৪৪২ ডলারে নেমে আসতে পারে।
একইভাবে, খুচরা বিক্রেতারাও যদি বাড়তি ব্যয়ের মাত্র ৩০ শতাংশ সাধারণ ভোক্তার ওপর চাপায়, তাহলে একজন ভোক্তার বছরে গড়ে প্রায় ২০ ডলার অতিরিক্ত ব্যয় হবে বলে রাজ্য সরকারের অনুমান।
তবে ডেইরি ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়া-এর নির্বাহী পরিচালক কেটি ডেভির মতে, বাস্তবে ব্যয় সরকারের হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। তিনি বলেন, নতুন বিধিমালার কারণে একজন ক্যালিফোর্নিয়ার বাসিন্দাকে বছরে গড়ে প্রায় ১ হাজার ৩০০ ডলার অতিরিক্ত ব্যয় করতে হতে পারে।
কেটি ডেভি বলেন, "ক্যালিফোর্নিয়ায় জীবনযাত্রার ব্যয় আগেই অনেক বেশি। নতুন নিয়ম কার্যকর হলে পরিস্থিতি আরও ব্যয়বহুল হয়ে উঠবে।"
আগামী আগস্ট থেকে এই কর্মসূচির অর্থায়নের জন্য প্রাথমিক ফি কার্যকর হলেও, নতুন প্যাকেজিং বিধিমালা পুরোপুরি মেনে চলা কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক হবে ২০২৭ সাল থেকে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম