লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটা এলাকায় বুধবার বিকেলে ছড়িয়ে পড়া একটি দাবানল দ্রুত নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। আগুনে বেশ কয়েকটি বাড়ি হুমকির মুখে পড়লেও শেষ পর্যন্ত কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি। স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে সেন্টার পয়েন্ট পার্কওয়ের ২১৩০০ নম্বর এলাকার ঝোপঝাড়ে আগুন লাগার খবর পায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন দ্রুত একটি ক্যানিয়ন পেরিয়ে বাড়িঘর ও একটি স্কুলের দিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় অতিরিক্ত দমকল ইউনিট মোতায়েন করা হয়। দমকল বিভাগ জানায়, আগুনে মোট ৫২ একর এলাকা পুড়ে গেছে। তবে বিকেল ৪টার দিকে আগুনের বিস্তার পুরোপুরি থামানো সম্ভব হয় এবং প্রায় ৩২ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহতও হননি। তবে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এসসিএল-কার্লবয়ার (SCL-CARLBOYER) জোনের বাসিন্দাদের জন্য এখনো সরিয়ে নেওয়ার সতর্কতা (Evacuation Warning) বহাল রয়েছে। কারণ, দমকলকর্মীরা এখনও আগুনের ছোট ছোট জ্বলন্ত অংশ সম্পূর্ণ নিভিয়ে ফেলার কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগুনের কাছের এলাকাটি মূলত অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ও তাদের পরিবারের আবাসস্থল। তাদের অনেকেই জানান, এর আগে এলাকায় আগুন লাগলেও এবারই প্রথম শিখা এতটা কাছে চলে এসেছে। স্থানীয় বাসিন্দা ক্রিস ল্যান্ডগ্রেন বলেন, "আগুন লাগা নতুন কিছু নয়, কিন্তু এবার পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। বাড়ির বাইরে বেরিয়ে দেখি চারপাশ আগুনে জ্বলছে। সঙ্গে সঙ্গে কুকুরগুলো, আমার মাকে এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে দ্রুত এলাকা ছেড়ে যাই।" দমকল বিভাগ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে প্রায় ২০০ জন দমকলকর্মী কাজ করেছেন। আকাশে দুটি ফায়ার হক হেলিকপ্টার ও দুটি পানিবাহী হেলিকপ্টার থেকে আগুনের ওপর পানি ফেলা হয়। পাশাপাশি একটি বুলডোজার দিয়ে আগুনের চারপাশে প্রতিরোধব্যবস্থা তৈরি করা হয়, যাতে আগুন আর ছড়িয়ে না পড়ে। কর্মকর্তারা জানান, প্রচণ্ড গরম ও শুকনো আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যবশত ওই এলাকায় তীব্র বাতাস না থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলের সময় কাছাকাছি একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও প্রতিবেশীদের পোষা প্রাণী উদ্ধার এবং বাড়িঘর রক্ষায় সহায়তা করেন। এদিকে আগুনের কাছাকাছি একটি মৌমাছির বড় কলোনিও ছিল। দমকল বিভাগ জানিয়েছে, সেটিকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুলডোজারের সাহায্যে আগুনের গতিপথ পরিবর্তন করা হয় এবং হেলিকপ্টার থেকে পানি ফেলে কলোনিটিকে নিরাপদ রাখার চেষ্টা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য সান্তা ক্লারিটা অ্যাকুয়াটিক সেন্টারে একটি পুনর্মিলন কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ভিয়া প্রিন্সেসা ও নিউহল স্টেশনের মধ্যবর্তী মেট্রোলিংক ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উল্লেখ্য, দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে চলমান তাপপ্রবাহের সবচেয়ে উষ্ণ দিনেই এই দাবানলের ঘটনা ঘটে। অঞ্চলটির বড় অংশে বর্তমানে চরম তাপপ্রবাহ সতর্কতা (Extreme Heat Warning) জারি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম