লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

সান বার্নার্ডিনো কাউন্টিতে বাড়ির ভেতরে রাখা একটি লোড করা বন্দুক দিয়ে অসাবধানতাবশত নিজেকে গুলি করে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে হাইল্যান্ড এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তদন্তে জানা গেছে, শিশুটি ঘরের সোফার দুটি কুশনের মাঝখানে লুকিয়ে রাখা একটি লোড করা বন্দুক খুঁজে পায়। খেলতে গিয়ে সেটি থেকে গুলি ছুটে তার মুখে লাগে। ঘটনার সময় শিশুটির ২০ বছর বয়সী মা জামারিয়া কব এবং ৫২ বছর বয়সী তার প্রেমিক আরমান্ড ব্রাইট বাড়িতেই ছিলেন। পুলিশ জানিয়েছে, বন্দুকটি আইনগতভাবে ব্রাইটের নামে নিবন্ধিত ছিল। ঘটনার পর দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের মাধ্যমে গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যুর ঘটনা ঘটানোর অভিযোগ আনা হয়েছে। বাড়িতে থাকা শিশুটির এক বছর বয়সী ছোট ভাইকে নিরাপত্তার স্বার্থে শিশু ও পরিবারসেবা বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিবেশী অ্যাম্বার বাটলার, যিনি নিজেও দুই সন্তানের মা, বলেন, এই মর্মান্তিক ঘটনা সহজেই এড়ানো যেত। তার ভাষায়, আগ্নেয়াস্ত্র ঘরে রাখলে অবশ্যই তা নিরাপদে তালাবদ্ধ করে রাখতে হবে। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র গ্লোরিয়া ওরেজেল বলেন, বন্দুক নিরাপদে সংরক্ষণ না করার সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো একটি শিশুর প্রাণ হারানো। তিনি সব বন্দুক মালিককে অস্ত্র এমনভাবে সংরক্ষণ করার আহ্বান জানান, যাতে কোনো শিশুর নাগালে না পৌঁছায়। সান বার্নার্ডিনো কাউন্টির জেলা অ্যাটর্নি কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি বন্দুক মালিকের দায়িত্ব হলো অস্ত্র এমনভাবে সংরক্ষণ করা, যাতে শিশুদের নাগালের বাইরে থাকে। এই দায়িত্বে অবহেলার কারণে কোনো শিশুর মৃত্যু হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে জামারিয়া কব ও আরমান্ড ব্রাইটকে সান বার্নার্ডিনো কাউন্টি সেন্ট্রাল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম