লস এঞ্জেলেস

ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

ক্যালিফোর্নিয়ার অ্যানাহাইমে অবস্থিত ডিজনিল্যান্ড রিসোর্টে শত শত খাবার ও পানীয়ের দাম বাড়ানো হয়েছে। নতুন মূল্যতালিকায় পার্কের জনপ্রিয় স্ন্যাকস, পানীয় ও বিভিন্ন খাবারের দাম বেড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অরেঞ্জ কাউন্টি রেজিস্টার জানিয়েছে, মিকি ভিজিট-এর তথ্য অনুযায়ী বিভিন্ন পণ্যের দাম ১ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রীষ্মকালীন এই মূল্যবৃদ্ধির ফলে ডিজনিল্যান্ড ও ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার—দুই পার্কের মোট ১৭৮টি খাবারের দোকানের ৮০০টিরও বেশি আইটেমের দাম বেড়েছে। সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে চুরো, পপকর্ন ও ক্যারামেল পপকর্নের দাম ৫০ সেন্ট করে বেড়েছে। এছাড়া ভ্যানিলা সফট সার্ভ আইসক্রিম, ক্লাসিক ফানেল কেক এবং চকলেট চিপ কুকির দাম ৭০ সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া পিৎজার এক টুকরা ও তিনটি বেনিয়েটের প্যাকেটের দাম ১ ডলার বেড়েছে। বোতলজাত কোমল পানীয়ের দাম বেড়েছে ৩০ সেন্ট এবং জনপ্রিয় ডোল হুইপের দাম বেড়েছে ২০ সেন্ট। অন্যদিকে কফি, চা ও অন্যান্য গরম পানীয়ের দাম প্রায় ৭৫ সেন্ট পর্যন্ত বেড়েছে। বিভিন্ন ককটেলের দামও প্রতি গ্লাসে ১ থেকে ২ ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী কয়েকটি জনপ্রিয় পণ্যের দাম হলো— পপকর্ন: ৬.৫০ ডলার থেকে বেড়ে ৭ ডলার চুরো: ৫.৭৫ ডলার থেকে ৬.২৫ ডলার ডোল হুইপ: ৭.২৯ ডলার থেকে ৭.৪৯ ডলার বেনিয়েট: ৬.৪৯ ডলার থেকে ৭.৪৯ ডলার পিৎজার এক টুকরা: ৮.৯৯ ডলার থেকে ৯.৯৯ ডলার কফি, চা ও হট কোকো: ৪.৭৯ ডলার থেকে ৫.৪৯ ডলার বোতলজাত কোমল পানীয়: ৫.২৪ ডলার থেকে ৫.৪৯ ডলার ভ্যানিলা সফট সার্ভ কোন: ৬.২৯ ডলার থেকে ৬.৯৯ ডলার বিফ স্কিউয়ার: ৭.৪৯ ডলার থেকে ৭.৯৯ ডলার মিকি ভিজিট জানিয়েছে, যেসব খাবার দর্শনার্থীরা সবচেয়ে বেশি কিনে থাকেন, সেগুলোর দামই এবার বেশি বাড়ানো হয়েছে। ফলে সাধারণ দর্শনার্থীদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বাড়ানো নতুন কোনো ঘটনা নয়। গত বছরও জুলাই মাসে একই ধরনের মূল্যবৃদ্ধি করা হয়েছিল। এ ছাড়া প্রতি বছরের মতো এবারও শরৎকালে ডিজনিল্যান্ডে আরও বড় পরিসরে মূল্যবৃদ্ধি হতে পারে। সে ক্ষেত্রে প্রবেশ টিকিট, ম্যাজিক কী পাস, লাইটনিং লেন মাল্টি পাস এবং পার্কিং ফিতেও পরিবর্তন আসতে পারে। ডিজনিল্যান্ডের এই মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের সামগ্রিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটির রেস্টুরেন্টগুলোর মেনুর দাম গড়ে ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। আর ২০২০ সালের তুলনায় খাবারের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। তবে খরচ কমাতে চাইলে দর্শনার্থীদের জন্য একটি সুযোগ রয়েছে। ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কে নিজস্ব খাবার, অ্যালকোহলমুক্ত পানীয় এবং পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে।

এলএবাংলাটাইমস/ওএম