কমলা হ্যারিস যদি ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, তাহলে তিনি নিজে আর নির্বাচনে লড়বেন না—এমন চমকপ্রদ ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
সোমবার সন্ধ্যায় প্রচারিত সিএনএনের এক সাক্ষাৎকারে নিউসম বলেন, “তিনি যদি প্রার্থী হন, তাহলে আমি প্রার্থী হব না।” এর মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আলোচনায় থাকা নিউসম নিজের অবস্থান স্পষ্ট করলেন।
নিউসম বলেন, একই অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করা অন্য সবার জন্য একটি ‘উপহার’ হয়ে যাবে। তার ভাষায়, দুজনের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতা হলে উভয়েরই রাজনৈতিক ক্ষতি হবে এবং এতে কোনো বৃহত্তর কল্যাণ হবে না।
তিনি বলেন, “আমি যদি কোনো বৃহত্তর ভালো উদ্দেশ্য নিয়ে কাজ না করতাম, তাহলে কেন এমনটা করব? এর কোনো ইতিবাচক দিকই নেই।” নিউসম আরও জানান, হ্যারিসের সমর্থক ও ঘনিষ্ঠ বন্ধুদের তিনি চেনেন এবং তাদের এমন পরিস্থিতির মধ্যে ফেলতে চান না।
নিউসম স্বীকার করেন, হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করলে তার প্রচারে বলা হতে পারে যে হ্যারিস এরই মধ্যে ২০২০ ও ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছেন এবং আরও একবার সুযোগ পেয়েছেন। নিউসম বলেন, এটি একটি শক্তিশালী রাজনৈতিক যুক্তি হতে পারে এবং বাস্তবতার দিক থেকেও কথাটি সত্য।
তবে হ্যারিস এখনো ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। জুলাইয়ে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং আপাতত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন।
এর আগে চলতি বছরও তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনা নিয়ে ভাবছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন হ্যারিস। এপ্রিলে রেভারেন্ড আল শার্পটনের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে তিনি ‘ভাবছেন’।
এদিকে নিউসমও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। তার গভর্নর হিসেবে বর্তমান মেয়াদ কয়েক মাসের মধ্যে শেষ হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সম্প্রতি ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারির প্রথম অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনাও সফর করেছেন নিউসম। সেখানে গিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে নিশ্চিত করেন।