ক্যালিফোর্নিয়ার করোনা শহরে একটি স্টোরেজ ইউনিট থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার মূল্যের ভিনটেজ খেলনা ও সংগ্রহযোগ্য সামগ্রী চুরি হয়েছে। এতে বহু বছর ধরে ব্যবসা গড়ে তোলা এক সংগ্রাহক ও ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
চাক রুঞ্জ নামে ওই ব্যবসায়ী Runge Toys Vintage Collectibles-এর মালিক এবং অরেঞ্জের Groovy Ghost Vintage-এর একজন বিক্রেতা। ছোটবেলা থেকেই বিভিন্ন সংগ্রহযোগ্য সামগ্রী সংগ্রহ করা তাঁর শখ। তাঁর সংগ্রহে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক, জিআই জো, বার্বি, হট হুইলস, ডাই-কাস্ট মডেল ও স্টার ওয়ার্সের বিভিন্ন সামগ্রী ছিল।
রুঞ্জ জানান, এসব সংগ্রহযোগ্য সামগ্রী করোনা শহরের গ্রিন রিভার রোডের CubeSmart Self Storage-এর একটি ইউনিটে রাখা ছিল। গত মঙ্গলবার সেখানে গিয়ে তিনি দেখতে পান, বিপুল পরিমাণ সামগ্রী নেই।
তবে ঠিক কখন চুরি হয়েছে, তা নিশ্চিত নন রুঞ্জ। তিনি জানান, সর্বশেষ গত ৩ আগস্ট স্টোরেজ ইউনিটটিতে গিয়েছিলেন। তাঁর ধারণা, ওই দিন ইউনিটের ভেতরের সামগ্রী দেখে যাওয়া কেউ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন।
রুঞ্জের ভাষ্য অনুযায়ী, ৩ আগস্ট তিনি ইউনিটে কিছু জিনিস গোছানোর সময় করিডোর দিয়ে একজন নারীকে একটি কার্ট ঠেলে যেতে শুনেছিলেন। তখন তিনি দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করেন, যাতে ভেতরের সংগ্রহ ওই ব্যক্তি দেখতে না পান। এ সময় অসাবধানতাবশত একটি বাক্স পড়ে গেলে ওই নারীর সঙ্গে তাঁর সংক্ষিপ্ত কথা হয়।
চুরির ঘটনাটি করোনা পুলিশকে জানিয়েছেন রুঞ্জ। তাঁর দাবি, পুলিশ তাকে জানিয়েছে, ওই স্টোরেজ স্থাপনায় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে স্টোরেজ ইউনিটের নজরদারি ক্যামেরায় চুরির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ধরা পড়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বিপুল ক্ষতি হলেও ব্যবসা বন্ধ করছেন না রুঞ্জ। তাঁর বাড়িতে থাকা পর্যাপ্ত সংগ্রহ দিয়ে অন্তত আগামী দুই বছর ব্যবসা চালিয়ে যাওয়ার আশা করছেন তিনি। চুরি যাওয়া অর্থের কিছুটা পুনরুদ্ধার এবং ভবিষ্যতে ব্যবসাটিকে একটি স্থায়ী দোকানে রূপ দেওয়ার লক্ষ্যে তিনি অনুদান সংগ্রহের উদ্যোগও নিয়েছেন।
রুঞ্জ একই সঙ্গে সাধারণ মানুষকে চুরি যাওয়া সংগ্রহযোগ্য সামগ্রী বিক্রির জন্য কোথাও দেওয়া হলে তা নজরে রাখার অনুরোধ করেছেন।