লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় বৃহস্পতিবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সামিট ভ্যালি রোড ও ম্যাপল অ্যাভিনিউয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিমানের ভেতর থাকা দুইজনকেই মৃত অবস্থায় পান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল একটি এক ইঞ্জিনের অ্যারনকা চ্যাম্পিয়ন। এতে মোট দুইজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ওই এলাকার দিকে জরুরি সেবার কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করছে। তদন্ত চলাকালে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সামিট ভ্যালি রোড দিয়ে যান চলাচল চালু থাকলেও তদন্তের কারণে ঘটনাস্থলের আশপাশে সতর্কতা জারি রয়েছে। বিমানের ধ্বংসাবশেষ ও দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।