যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রে প্তা র করেছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ ভুক্তভোগী হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের সামনে এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম নাজিম উদ্দিন। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর কুইন্সের শিশু নির্যাতনবিষয়ক তদন্ত দলের সদস্যরা তাঁকে গ্রে প্তা র করেন। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন এবং শিশুর জন্য ক্ষতিকর আচরণের অভিযোগ আনা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে। কুইন্সের ওজোন পার্ক এলাকার ৭৫তম স্ট্রিট ও ১০১তম অ্যাভিনিউয়ের কাছাকাছি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি অন্য কারও ওপরও একই ধরনের অপরাধ করে থাকতে পারেন। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলছে। অন্য কোনো ভুক্তভোগী আছেন কি না, তা নিশ্চিত করতে পুলিশ তাঁদের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট শিশুটির পরিচয়ও গোপন রাখা হয়েছে। শিশুর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে এ ধরনের ঘটনায় তদন্তের সব তথ্য সাধারণত প্রকাশ করা হয় না।
পুলিশের কাছে এ ঘটনায় কোনো তথ্য থাকলে তা জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। সম্ভাব্য ভুক্তভোগীরা নিউইয়র্ক পুলিশের যৌন অপরাধবিষয়ক হটলাইনে ২১২-২৬৭-৭২৭৩ নম্বরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ৮০০-৫৭৭-টিআইপিএস নম্বরে ফোন করে তথ্য দেওয়া যাবে। অনলাইনেও crimestoppers.nypdonline.org ঠিকানায় তথ্য জমা দেওয়ার সুযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। তদন্তের স্বার্থে সম্ভাব্য ভুক্তভোগীদের এগিয়ে এসে তথ্য দেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।