যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিভারসাইড কাউন্টিতে শিশুদের যৌন নি র্যাতনের অভিযোগে এক সংগীত শিক্ষককে দ্বিতীয়বার গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলাকালে আরও কয়েকজন ভুক্তভোগী সামনে আসার পর নতুন করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ওমর গার্সিয়া হেরাদা। ৫৪ বছর বয়সী এই শিক্ষক উডক্রেস্ট এলাকার বাসিন্দা। রিভারসাইড কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) র্যাঞ্চো কুকামঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রবার্ট প্রেসলি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
তদন্তের শুরু হয় গত ১৮ অক্টোবর। ওই দিন লেক এলসিনোর শেরিফ স্টেশনের কর্মকর্তারা কাউন্টির লা ক্রেস্টা এলাকার একটি বাড়িতে সংগীত শিক্ষক ও দুই শিশুর মধ্যে অনুপযুক্ত আচরণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনার ধরন বিবেচনায় শেরিফ বিভাগের স্পেশাল ভিকটিমস ইউনিট তদন্তের দায়িত্ব নেয়।
তদন্তে হেরাদাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে ২৯ অক্টোবর উডক্রেস্টের এল মেসা ড্রাইভের ১৪০০০ ব্লকের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে যৌন নি পীড়ন ও শিশু নি র্যাতনের অভিযোগে মামলা করা হয়।
তবে ৩১ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি। এর মধ্যে তদন্ত চালিয়ে যাওয়ার সময় আরও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে তাঁর অনুপযুক্ত আচরণের অভিযোগ সামনে আসে। নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ তাঁর বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মঙ্গলবার তাঁকে দ্বিতীয়বার গ্রেপ্তার করা হয়। এবার তাঁর বিরুদ্ধে একাধিক অতিরিক্ত যৌন নি পীড়ন ও শিশু নি র্যাতনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাঁর জামিনের পরিমাণ ১০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, আগামী শুক্রবার রিভারসাইড হল অব জাস্টিসে তাঁর হাজির হওয়ার কথা রয়েছে।
শেরিফ বিভাগ জানিয়েছে, তদন্ত এখনো চলছে। এ ঘটনায় আরও কেউ ভুক্তভোগী হয়ে থাকলে তাঁদের সামনে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারও কাছে এ বিষয়ে তথ্য থাকলে ৯৫১-৯৫৫-১৭০৪ নম্বরে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া শেরিফ বিভাগের ডিসপ্যাচ নম্বর ৯৫১-৭৭৬-১০৯৯-এও তথ্য দেওয়া যাবে।