ক্যালিফোর্নিয়ায় বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। লস এঞ্জেলেসের কাছে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী চলাচলের সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও পাঁচটি স্থানে এ ধরনের সেতু নির্মাণের পরিকল্পনা সামনে এসেছে। এর লক্ষ্য মহাসড়কের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বন্যপ্রাণীর আবাসস্থলগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করা।
লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমে আগুরা হিলস এলাকায় নির্মিত ওয়ালিস অ্যানেনবার্গ ওয়াইল্ডলাইফ ক্রসিংটি আগামী ২ ডিসেম্বর উদ্বোধনের কথা রয়েছে। কয়েক দশকের পরিকল্পনা, অর্থ সংগ্রহ এবং চার বছরের নির্মাণকাজ শেষে প্রকল্পটি চালুর অপেক্ষায় রয়েছে। ১০ লেনের হাইওয়ে ১০১-এর ওপর নির্মিত এই সেতুটি প্রায় ২১০ ফুট দীর্ঘ। বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী চলাচলের সেতু হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।
সেতুটি নির্মাণের মূল উদ্দেশ্য সান্তা মনিকা পর্বতমালার বন্যপ্রাণীদের চলাচলের পথ আবার উন্মুক্ত করা। বিশেষ করে পাহাড়ি সিংহ বা কুগারদের জন্য এটি গুরুত্বপূর্ণ। মহাসড়ক ও নগরায়ণের কারণে প্রাণীগুলো দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন আবাসস্থলে আটকে পড়েছে। এতে অন্য জনগোষ্ঠীর সঙ্গে প্রজননের সুযোগ কমে যাচ্ছে এবং বংশগত বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
প্রকল্পটির মাধ্যমে প্রাণীরা যানবাহনের মুখোমুখি না হয়েই এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবে। শুধু বড় প্রাণী নয়, ছোট স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি এবং বিভিন্ন পতঙ্গের চলাচলের উপযোগী প্রাকৃতিক পরিবেশ তৈরির ব্যবস্থাও রাখা হয়েছে। সেতুর ওপর স্থানীয় প্রজাতির প্রায় ৫ হাজার গাছপালা লাগানো হচ্ছে।
এই প্রকল্পের সাফল্যকে সামনে রেখে আরও পাঁচটি বন্যপ্রাণী সেতুর পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের কাছে মোহাভে মরুভূমিতে দুটি ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ইন্টারস্টেট ১৫ মহাসড়কের ওপর আরও তিনটি সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছেন পরিবহন কর্মকর্তারা।
বন্যপ্রাণী সংরক্ষণবিদদের মতে, ব্যস্ত মহাসড়ক প্রাণীদের স্বাভাবিক চলাচলে বড় বাধা। বিশেষ করে পাহাড়ি সিংহের মতো প্রাণীদের খাবার, নিরাপদ আশ্রয় এবং প্রজননের জন্য বড় এলাকা প্রয়োজন। সড়কের কারণে তাদের আবাসস্থল বিচ্ছিন্ন হলে বংশগত বৈচিত্র্য কমে যায়। পাশাপাশি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঝুঁকিও বাড়ে।
ওয়ালিস অ্যানেনবার্গ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার। প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ, ন্যাশনাল পার্ক সার্ভিস এবং বিভিন্ন পরিবেশ সংরক্ষণ সংস্থা।
পরিবেশবিদদের আশা, এই সেতু শুধু বন্যপ্রাণীর প্রাণহানি কমাবে না, বরং বিচ্ছিন্ন হয়ে পড়া প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারেও ভূমিকা রাখবে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি সেতুর পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যপ্রাণী সংরক্ষণে এটি আরও বড় উদ্যোগে পরিণত হতে পারে।