যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবার আওতা বাড়াতে হাউস ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের প্রস্তাবকে ‘ভালো সূচনা’ বলে অভিহিত করেছেন মিশিগান থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। তবে তাঁর মতে, এই পরিকল্পনাই চূড়ান্ত লক্ষ্য নয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার এমএস নাউয়ের উপস্থাপক জেন সাকির সঙ্গে এক সাক্ষাৎকারে এল-সায়েদ জেফ্রিসের প্রস্তাব নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার আওতা বাড়ানোর পথে জেফ্রিসের পরিকল্পনা একটি ভালো সূচনা হতে পারে। তবে এর মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ হবে না।
জেফ্রিসের প্রস্তাবে মেডিকেয়ারে অন্তর্ভুক্তির বয়সসীমা কমানো, ডেন্টাল, চোখ ও শ্রবণসংক্রান্ত চিকিৎসার সুবিধা যুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের সব শিশুর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে মেডিকেয়ারে অন্তর্ভুক্তির বয়স কত করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি তিনি।
এল-সায়েদ মনে করেন, শুরুতে শিশুদের স্বাস্থ্যসেবার আওতায় আনা, মেডিকেয়ারের বয়সসীমা ৫০ বছরে নামিয়ে আনা এবং চিকিৎসাসেবার সুবিধা বাড়ানো যেতে পারে। এরপর পরবর্তী ধাপে ১৮ থেকে ৫০ বছর বয়সীদেরও এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সাক্ষাৎকারে তিনি বলেন, এভারেস্টের চূড়ায় পৌঁছাতে এক লাফে পাহাড় পেরোনো সম্ভব নয়। ধাপে ধাপে এগোতে হয়। জেফ্রিসের পরিকল্পনাকে সেই যাত্রার প্রথম শিবিরের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর বক্তব্য, এই পদক্ষেপকে স্বাগত জানানো উচিত, তবে এটিই শেষ লক্ষ্য হতে পারে না।
এল-সায়েদ দীর্ঘদিন ধরে ‘মেডিকেয়ার ফর অল’ বা সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির পক্ষে কথা বলে আসছেন। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসার খরচ কমানোর লক্ষ্য রয়েছে। তিনি মনে করেন, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হওয়া উচিত ডেমোক্র্যাটদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
জেফ্রিসের প্রস্তাব এমন সময়ে সামনে এসেছে, যখন মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা আগামী জানুয়ারিতে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব নিতে যাচ্ছে। নতুন কংগ্রেসে স্বাস্থ্যসেবা ব্যয় কমানো এবং চিকিৎসার সুযোগ বাড়ানো দলটির অন্যতম অগ্রাধিকার হতে পারে।
জেফ্রিস এর আগে জানিয়েছিলেন, ডেমোক্র্যাটরা প্রথমে রিপাবলিকানদের আনা মেডিকেইডের অর্থায়নসংক্রান্ত কাটছাঁট ফিরিয়ে নেওয়া এবং সাশ্রয়ী স্বাস্থ্যবিমা কর্মসূচি বা এসিএর বর্ধিত প্রিমিয়াম ভর্তুকি পুনর্বহালের চেষ্টা করবে। এরপর মেডিকেয়ারের বয়সসীমা কমানো ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তবে জেফ্রিসের পরিকল্পনা নিয়ে প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা রয়েছে। তাঁদের একটি অংশ সরাসরি ‘মেডিকেয়ার ফর অল’ চালুর পক্ষে। অন্যদিকে জেফ্রিসের প্রস্তাবকে সেই লক্ষ্যে ধাপে ধাপে এগোনোর একটি উদ্যোগ হিসেবে দেখছেন এল-সায়েদ।