লস এঞ্জেলেস

১২ জনের মৃ ত্যুর কারণ প্যালিসেডস দাবানল, অগ্নিসংযোগের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

লস এঞ্জেলেসে ভয়াবহ প্যালিসেডস দাবানলের সূত্রপাত ঘটানোর অভিযোগে পুনর্বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক উবার চালক জোনাথন রিন্ডারনেখট। শুক্রবার (২০ নভেম্বর) ফেডারেল আদালতের একটি জুরি তাঁকে দুটি অভিযোগে দোষী ঘোষণা করেন। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া ওই দাবানলে ১২ জনের মৃ ত্যু হয় এবং হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে যায়। ৩০ বছর বয়সী রিন্ডারনেখটের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৫ সালের ১ জানুয়ারি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেন তিনি। প্রসিকিউটরদের দাবি, তাঁর লাগানো ছোট্ট ওই আগুনই পরবর্তী সময়ে ভয়াবহ প্যালিসেডস দাবানলে রূপ নেয়। মামলার তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্যালিসেডস এলাকার কাছে ১ জানুয়ারি ‘ল্যাচম্যান ফায়ার’ নামে ছোট একটি দাবানলের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও মাটির নিচে গাছের শিকড় ও অন্যান্য উদ্ভিদের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ থেকে যায়। ছয় দিন পর, ৭ জানুয়ারি প্রবল সান্তা আনা বাতাসের কারণে সেই আগুন আবার ছড়িয়ে পড়ে। পরে তা ভয়াবহ প্যালিসেডস দাবানলে পরিণত হয়। প্রসিকিউটরদের অভিযোগ, রিন্ডারনেখট একটি লাইটার ব্যবহার করে প্রথম আগুনটি লাগিয়েছিলেন। তাঁর অবস্থান শনাক্ত করতে মোবাইল ফোনের তথ্য, নজরদারি ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন ফরেনসিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। এসব প্রমাণের ভিত্তিতে প্রসিকিউটররা দাবি করেন, আগুন লাগার সময় ঘটনাস্থলের কাছাকাছি রিন্ডারনেখট ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গাড়ির উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে তাঁর গাড়িতে থাকা একটি বারবিকিউ লাইটারের বিষয়টিও উঠে আসে। এ ছাড়া আগুন লাগার পর তিনি নিজের সিগারেট থেকে দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে কি না, সে বিষয়ে অনলাইনে অনুসন্ধান করেছিলেন বলে আদালতে জানানো হয়। তাঁর চ্যাটজিপিটি অনুসন্ধানের তথ্যও মামলায় উপস্থাপন করে প্রসিকিউশন। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন রিন্ডারনেখট। তাঁর আইনজীবী স্টিভ হ্যানি দাবি করেন, তাঁর মক্কেল আগুন লাগিয়েছেন—এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। তদন্তকারীরা আগুনের প্রকৃত উৎস নিশ্চিত না করেই তাঁকে অভিযুক্ত করেছেন বলেও যুক্তি দেন তিনি। প্রতিরক্ষা পক্ষের দাবি ছিল, আতশবাজি থেকেও প্রথম আগুনের সূত্রপাত হতে পারে। এই মামলায় এটিই ছিল রিন্ডারনেখটের দ্বিতীয় বিচার। এর আগে গত জুনে প্রথম বিচার চলাকালে জুরি সদস্যরা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন। তাঁদের মধ্যে ১০ জন তাঁকে নির্দোষ ঘোষণার পক্ষে এবং দুজন দোষী সাব্যস্ত করার পক্ষে ছিলেন। ফলে বিচারক ওই মামলায় মিসট্রায়াল ঘোষণা করেন। পরে ফেডারেল প্রসিকিউটররা নতুন করে বিচার শুরুর সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিচার শুরু হয় ৪ নভেম্বর। প্রায় দুই সপ্তাহের শুনানি শেষে জুরি সদস্যরা দুই দিনের বেশি সময় ধরে আলোচনা করেন। শুক্রবার তাঁরা রিন্ডারনেখটকে দুটি অভিযোগে দোষী ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে আগুনের মাধ্যমে সম্পত্তি ধ্বংস এবং আন্তঃরাজ্য বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তিতে অগ্নিসংযোগ। রায়ের পর রিন্ডারনেখটের আইনজীবী জানান, তাঁরা সিদ্ধান্তে হতাশ। তবে জুরির বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে পরবর্তী সময়ে আপিলের সম্ভাবনা পর্যালোচনা করবেন। আগামী ১৭ মার্চ ২০২৭ তাঁর সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২০২৫ সালের ৭ জানুয়ারি শুরু হওয়া প্যালিসেডস দাবানল লস এঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি। আগুনে প্যাসিফিক প্যালিসেডস ও মালিবু এলাকার প্রায় ৬ হাজার ৫০০টি স্থাপনা ধ্বংস হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এই দুর্যোগে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারান। এই রায়ে অগ্নিসংযোগের অপরাধে একজনের দায় নির্ধারণ হলেও দাবানল মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়ে আলাদা বিতর্ক ও আইনি প্রক্রিয়া এখনো চলমান।