পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি পার্কে সিসার বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়া একটি টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দিতে হয়েছে। পাখিটির অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে চিকিৎসকেরা আর সুস্থ হওয়ার আশা দেখেননি। তার কষ্ট কমাতে মানবিকভাবে মৃ ত্যু নিশ্চিত করার সিদ্ধান্ত নেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা। তবে উদ্ধারের আগেই পাখিটিকে ঘিরে কয়েকজন দর্শনার্থীর সেলফি তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র।
ঘটনাটি ঘটে পেনসিলভানিয়ার কোডোরাস স্টেট পার্কে। রাস্তার পাশে একটি ঈগলকে অস্বাভাবিক আচরণ করতে দেখে এক পথচারী বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে রেভেন রিজ ওয়াইল্ডলাইফ সেন্টার পাখিটিকে উদ্ধারের উদ্যোগ নেয়। কেন্দ্রটির ভাষ্য অনুযায়ী, ঈগলটি মানুষের খুব কাছে যেতে দিচ্ছিল, যা সাধারণত সুস্থ বন্য ঈগলের স্বাভাবিক আচরণ নয়।
সাধারণত টাকমাথা ঈগল মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখে। কেউ কাছে যাওয়ার চেষ্টা করলে তারা সরে যায় বা উড়ে যায়। কিন্তু অসুস্থ পাখিটি মানুষের উপস্থিতিতে তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের মতে, কোনো বন্য প্রাণীকে সহজেই হাতের নাগালে পাওয়া গেলে সেটি অসুস্থ বা আহত হওয়ার গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হতে পারে।
রেভেন রিজ ওয়াইল্ডলাইফ সেন্টারের অভিযোগ, পাখিটি অসুস্থ অবস্থায় পড়ে থাকলেও অনেক দর্শনার্থী সাহায্যের জন্য যোগাযোগ না করে সেটির পাশে গিয়ে ছবি ও সেলফি তুলছিলেন। এক প্রত্যক্ষদর্শী সু নামের এক নারী বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি কেন্দ্রটির সঙ্গে যোগাযোগ করে পাখিটির ছবি পাঠান এবং জানান, সেখানে লোকজন অসুস্থ ঈগলটিকে ঘিরে ছবি তুলছিলেন, কিন্তু কেউ তাকে উদ্ধারের ব্যবস্থা করছিলেন না।
পাখিটিকে দেখতে গিয়ে সড়কে যানজটও তৈরি হয়। গাড়িচালকেরা থেমে ঈগলটির ছবি তুলতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে এক পুলিশ কর্মকর্তা সেখানে যান। তিনি যান চলাচল স্বাভাবিক করেন এবং দর্শনার্থীদের গাড়িতে ফিরে যেতে ও ঘটনাস্থল ছেড়ে যেতে বলেন।
পরে রেভেন রিজ ওয়াইল্ডলাইফ সেন্টার তাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং পেনসিলভানিয়া গেম কমিশনের সহায়তায় ঈগলটিকে উদ্ধারের ব্যবস্থা করে। উদ্ধারকর্মীরা দেখতে পান, পাখিটি শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। একটি ভিডিওতেও তাকে হাঁপাতে এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারার মতো অবস্থায় দেখা যায়।
রক্ত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, ঈগলটি মারাত্মক সিসার বিষক্রিয়ায় আক্রান্ত। তার শরীরে সিসার মাত্রা এত বেশি ছিল যে পরীক্ষার যন্ত্রও তা পরিমাপ করতে পারেনি। চিকিৎসকদের মূল্যায়নে বিষক্রিয়ার কারণে পাখিটির শরীরে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল। সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা না থাকায় তার কষ্টের অবসান ঘটাতে মানবিকভাবে মৃ ত্যু নিশ্চিত করা হয়।
বন্যপ্রাণী কেন্দ্রটির ধারণা, ঈগলটি কয়েক দিন ধরে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে পারে। এত সময় ধরে তার কষ্ট চললেও কেউ কেন দ্রুত সাহায্যের জন্য যোগাযোগ করেননি, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, অসুস্থ প্রাণীকে ঘিরে ভিড় করা বা ছবি তোলার পরিবর্তে দ্রুত উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া জরুরি।
কীভাবে ঈগলটির শরীরে সিসা প্রবেশ করেছে, সে বিষয়েও একটি সম্ভাব্য কারণ জানিয়েছে কেন্দ্রটি। তাদের ধারণা, একটি হরিণের মৃতদেহ থেকে সিসাযুক্ত শিকারি গুলির অংশ খাওয়ার কারণে পাখিটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারে। ওই মৃতদেহের পাশে আরেকটি পূর্ণবয়স্ক ঈগল এবং দুটি অল্পবয়সী ঈগলকেও খাবার খেতে দেখা গিয়েছিল। তবে উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই হরিণের দেহাবশেষ সরিয়ে ফেলা হয়েছিল। ফলে সেখানে সিসার উপস্থিতি পরীক্ষা করা সম্ভব হয়নি।
এ কারণে বাকি তিনটি ঈগলও একই ঝুঁকিতে রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে রেভেন রিজ। শিকারিদের সিসামুক্ত গুলি ব্যবহারের আহ্বান জানিয়েছে কেন্দ্রটি। শিকার করা প্রাণীর দেহাবশেষে সিসাযুক্ত গুলির টুকরা থেকে যেতে পারে, যা পরে মৃত প্রাণীর মাংস খাওয়া ঈগলসহ অন্য বন্যপ্রাণীর শরীরে প্রবেশ করতে পারে।
প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকেও বন্যপ্রাণীর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে। কোনো প্রাণীকে অস্বাভাবিকভাবে দুর্বল বা মানুষের কাছে সহজে যেতে দেখা গেলে সেটিকে ছবি তোলার সুযোগ হিসেবে না দেখে বিপদের সংকেত হিসেবে বিবেচনা করতে বলেছে তারা। অসুস্থ প্রাণীকে ঘিরে ভিড় না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রটি।
রেভেন রিজের বক্তব্য, একটি ফোনকল হয়তো ঈগলটির পরিণতি বদলে দিতে পারত। এই পাখিটিকে আর বাঁচানো সম্ভব হয়নি, তবে ঘটনাটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অন্য বন্যপ্রাণীকে এমন পরিণতি থেকে রক্ষা করা সম্ভব বলে আশা করছে প্রতিষ্ঠানটি।