নিউইয়র্কের একটি সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় এক ব্যক্তি হাঙরের সন্দেহভাজন হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তার পায়ে গুরুতর ক্ষত তৈরি হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সৈকতটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শুক্রবার নিউইয়র্কের জোন্স বিচ স্টেট পার্কের ফিল্ড-৬ এলাকায় এ ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটি পার্কস বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি সমুদ্রে সাঁতার কাটার সময় তার পায়ে কামড়ের মতো গভীর ক্ষত হয়, যা হাঙরের আক্রমণ বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে সঙ্গে দায়িত্বরত লাইফগার্ডরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তার আঘাত গুরুতর হলেও প্রাণহানির আশঙ্কা নেই।
ঘটনার পরপরই সমুদ্রে সাঁতার বন্ধ ঘোষণা করা হয় এবং হাঙর বা অন্য কোনো বিপজ্জনক সামুদ্রিক প্রাণীর উপস্থিতি আছে কি না, তা খুঁজতে তল্লাশি চালানো হয়। প্রায় এক ঘণ্টা অনুসন্ধানের পর কোনো হাঙরের সন্ধান না পাওয়ায় সৈকতটি আবার খুলে দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে কোমরসমান পানির বেশি গভীরে নামতে নিষেধ করা হয়েছে।
এর একদিন আগেই নিউইয়র্কের কুইন্সের রকঅ্যাওয়ে বিচ এবং লং আইল্যান্ডের কয়েকটি সৈকতে একাধিক হাঙর দেখা যাওয়ার খবর পাওয়া যায়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেসব সৈকতও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সমুদ্রসৈকতে বেড়াতে আসা মানুষকে লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
এছাড়া লং আইল্যান্ডের পয়েন্ট লুকআউট বিচে লাইফগার্ডরা পানিতে একটি হাঙর দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সবাইকে সমুদ্র থেকে উঠে আসার নির্দেশ দেন। পরে পয়েন্ট লুকআউট এবং পাশের হেম্পস্টেড এলাকার সৈকতেও সাময়িকভাবে সাঁতার নিষিদ্ধ করা হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রেকর্ড গড়া তাপপ্রবাহ চলছে। অতিরিক্ত গরমের কারণে বিপুল সংখ্যক মানুষ সমুদ্রসৈকতে ভিড় করছেন, ফলে সতর্কতাও বাড়ানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ব্যবহার করে সমুদ্রে নজরদারি বাড়ানো হয়েছে। ফলে আগের তুলনায় হাঙর দেখা যাওয়ার ঘটনা বেশি ধরা পড়ছে। তবে হাঙরের উপস্থিতি স্বাভাবিক হলেও মানুষের ওপর হামলার ঘটনা এখনও খুবই বিরল।
ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির হাঙর গবেষণা কর্মসূচির পরিচালক গ্যাভিন নেলরের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে ৬০ থেকে ৮০টি উসকানিবিহীন হাঙরের কামড়ের ঘটনা নথিভুক্ত হয়। একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে একাধিক মানুষের ওপর হাঙরের হামলা হওয়া অত্যন্ত বিরল বলেও তিনি উল্লেখ করেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম