দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬। গেমিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই সিরিজের নতুন সংস্করণ ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নতুন চরিত্র, বিস্তৃত গেমের জগৎ, সংগীত আয়োজন এবং বিপুল ব্যবসায়িক সম্ভাবনা—সব মিলিয়ে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত গেমিং মুক্তিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
১৯৯৭ সালে যাত্রা শুরু করা ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজটি প্রায় তিন দশকে ভিডিও গেমের জগতে বড় ধরনের প্রভাব ফেলেছে। গাড়ি চুরি, পুলিশের ধাওয়া এড়িয়ে চলা এবং অপরাধজগতের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ খেলোয়াড়দের জন্য উন্মুক্ত গেমিং জগতের নতুন অভিজ্ঞতা তৈরি করে। ২০০১ সালে ‘গ্র্যান্ড থেফট অটো থ্রি’ প্রকাশের পর সিরিজটি নতুন উচ্চতায় পৌঁছায়। ত্রিমাত্রিক শহরে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, বিভিন্ন মিশন সম্পন্ন করা এবং পরিবেশের সঙ্গে নানা উপায়ে যোগাযোগের সুযোগ গেমিংয়ের ধরন বদলে দেয়।
প্রকাশক প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, পুরো সিরিজের গেম বিশ্বজুড়ে ৪৭ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। এর মধ্যে ২০১৩ সালে প্রকাশিত ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ একাই বিক্রি হয়েছে ২৩ কোটির বেশি কপি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে গেমটি খুচরা বিক্রিতে ১০০ কোটি ডলারের আয় করেছিল। এর অনলাইন সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো অনলাইন’ বছরের পর বছর নতুন আপডেট, কার্যক্রম ও ইন-গেম কেনাকাটার মাধ্যমে খেলোয়াড়দের ধরে রেখেছে।
নতুন গেমটির গল্পের পটভূমি তৈরি করা হয়েছে কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে ঘিরে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি এই বিস্তৃত অঞ্চলের অন্যতম প্রধান শহর ভাইস সিটি, যা মায়ামির অনুপ্রেরণায় নির্মিত। শহরটির নিয়ন আলো, সমুদ্রসৈকত, ব্যস্ত সড়ক, রাতের জীবন এবং অপরাধজগতের নানা কর্মকাণ্ড গেমটির পরিবেশকে আরও জীবন্ত করে তুলবে।
এবারের গল্পের কেন্দ্রে থাকছেন দুই চরিত্র—লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল। কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া লুসিয়া নতুন করে জীবন গড়তে চান। অন্যদিকে জেসন সাবেক সেনাসদস্য। অতীতের ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও তিনি লিওনিডার অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়েছেন। দুজনের একটি অপরাধমূলক পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা বড় ধরনের ষড়যন্ত্রের মধ্যে পড়ে যান। বেঁচে থাকতে এবং নিজেদের লক্ষ্য পূরণ করতে তাদের একে অপরের ওপর নির্ভর করতে হয়।
লুসিয়া ও জেসন ছাড়াও গেমটিতে থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র। ব্যাংক ডাকাত রাউল বাউতিস্তা, সংগীতজগতে প্রতিষ্ঠা পেতে চাওয়া ড্রিকোয়ান প্রিস্ট এবং নাইটক্লাব ব্যবসায়ী বুবি আইকের মতো চরিত্র এরই মধ্যে প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এ ছাড়া রিয়েল ডাইমেজ নামের নারী সংগীতজুটিও গল্পের অংশ। তাদের লক্ষ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরিচিতি তৈরি করা।
গেমটির কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীদের পুরো তালিকা এখনো প্রকাশ করেনি রকস্টার। তবে অভিনেতা স্টিফেন রুট জানিয়েছেন, তিনি এতে কাজ করেছেন। ‘অফিস স্পেস’, ‘কিং অব দ্য হিল’ ও ‘ব্যারি’তে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতাকে গেমটির একটি চরিত্রের কণ্ঠে শোনা যেতে পারে। বিভিন্ন প্রতিবেদনে তাকে ব্রায়ান হেডার চরিত্রের সঙ্গে যুক্ত করা হলেও রকস্টার আনুষ্ঠানিকভাবে সেই পরিচয় নিশ্চিত করেনি।
সংগীতও জিটিএ সিরিজের অন্যতম আকর্ষণ। নতুন গেমটির জন্য মূল সংগীত তৈরি করেছে গ্র্যামি পুরস্কারজয়ী ফরাসি ইলেকট্রনিক সংগীতজুটি জাস্টিস। গাসপার অজে ও জাভিয়ে দ্য রোসনে গঠিত এই জুটির তৈরি সংগীত খেলোয়াড়ের কর্মকাণ্ড ও গেমের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হবে। ৩০টি ট্র্যাক নিয়ে মূল সংগীতের অ্যালবাম প্রকাশের কথা রয়েছে ১১ ডিসেম্বর। এতে টেম ইমপালা, এসজেডএ, কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড এবং গেসাফেলস্টাইনের মতো শিল্পীদের কাজ থাকছে।
এ ছাড়া গেমটি মুক্তির দিন ১৯ নভেম্বর ‘গ্র্যান্ড থেফট অটো ৬: দ্য অ্যালবাম’ নামে আলাদা একটি সংগীত অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে থাকবে ৩৪টি নতুন ট্র্যাক। ট্রাভিস স্কট, ফিউচার, মেট্রো বুমিন, পিংকপ্যানথেরেস, ফ্রেড এগেইন, মরগান ওয়ালেন, রাউ আলেহান্দ্রো ও কিথ রিচার্ডসের মতো শিল্পীদের গান এর তালিকায় রয়েছে। গেমের ভেতরে বিভিন্ন রেডিও স্টেশনও থাকবে, যা সিরিজটির সংগীতভিত্তিক অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করবে।
গেমটির ব্যবসায়িক সাফল্য নিয়েও প্রত্যাশা অনেক বেশি। টেক-টু ইন্টারঅ্যাকটিভের সাম্প্রতিক আর্থিক পূর্বাভাসে ২০২৭ অর্থবছরের আয় ৭৯৮ কোটি থেকে ৮১৮ কোটি ডলারের মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জিটিএ ৬-এর আগাম অর্ডার প্রত্যাশার চেয়ে অনেক এগিয়ে। বাজার বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, ৩ নভেম্বর পর্যন্ত ডিজিটাল আগাম অর্ডারের সংখ্যা ৭৭ লাখ ছাড়িয়েছে। আগস্টের শেষ নাগাদ আগাম অর্ডারের প্রায় ৯০ শতাংশই ছিল ৯৯ দশমিক ৯৯ ডলারের আলটিমেট সংস্করণের জন্য।
তবে গেমটির সব বৈশিষ্ট্য এখনো প্রকাশ করা হয়নি। বিশেষ করে অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণ, গেমের বিভিন্ন কার্যক্রম এবং খেলোয়াড়দের জন্য নতুন কী কী সুযোগ থাকবে, তা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। আপাতত প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে গেমটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রকাশের আগে থেকেই বিপুল বিক্রি, সংগীত আয়োজন এবং দীর্ঘদিনের ভক্তদের প্রত্যাশা—সব মিলিয়ে জিটিএ ৬-এর সামনে রয়েছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা। তবে শেষ পর্যন্ত গেমটি কতটা সাফল্য পাবে, তা বোঝা যাবে মুক্তির পর খেলোয়াড়দের অভিজ্ঞতা ও বাজারের প্রতিক্রিয়ায়।