ব্যবহারকারীদের অনুমতি ও যথাযথ সম্মতি ছাড়াই ব্যক্তিগত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। ডলারের হিসাবে জরিমানার পরিমাণ প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশ করা হয়েছে। এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে জানানো হয়নি এবং তাদের কাছ থেকে নির্দিষ্ট সম্মতিও নেওয়া হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। তাদের তদন্তে উঠে এসেছে, ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ নামের ফিচারটি ২০২৩ সাল থেকে চালু রয়েছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ পান।
কর্তৃপক্ষের অভিযোগ, এই ফিচারের জন্য আলাদা অনুমতি নেওয়ার পরিবর্তে ফেসবুক পুরো অ্যাপের বিভিন্ন কার্যক্রমের জন্য একটি সাধারণ অনুমতি চেয়েছে। অনুমতি চাওয়ার সময়ও এমন একটি সাধারণ বার্তা দেখানো হয়েছে, যা থেকে ব্যবহারকারীরা বুঝতে পারেননি যে তাদের ফোনের ব্যক্তিগত ছবি ও ভিডিওতেও অ্যাপটি প্রবেশাধিকার পাবে।
আরও উদ্বেগের বিষয় হলো, ফিচারটি ডিফল্টভাবেই চালু ছিল। ফলে ব্যবহারকারী একবার অ্যাপের প্রয়োজনীয় অনুমতি দিলে ফোনের ছবি ও ভিডিওর সংগ্রহে প্রবেশের সুযোগ তৈরি হতে পারত। ইতালির কর্তৃপক্ষের হিসাবে, দেশটিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার সম্ভাব্য প্রভাবের আওতায় পড়েছেন।
তদন্তে ইতালির ভোক্তা অধিকার সংস্থা বোলজানোর একটি অভিযোগ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৫ সালের জুলাইয়ে তদন্ত শুরু হয়। ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যক্রম দেশটির গোপনীয়তা সুরক্ষা আইন এবং ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনার লঙ্ঘন।
জরিমানার পাশাপাশি মেটাকে আগামী ৬০ দিনের মধ্যে ফিচারটির অনুমতি নেওয়ার পদ্ধতি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে ও স্পষ্ট সম্মতি নিতে হবে। একই সঙ্গে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখতে হবে, এমনকি আগে যারা অনুমতি দিয়েছেন তাদের ক্ষেত্রেও। ফিচারটি কী কাজে ব্যবহৃত হয়, কীভাবে ফোনের গ্যালারিতে প্রবেশ করে এবং কীভাবে বন্ধ করা যায়—সেটিও পরিষ্কারভাবে জানাতে হবে।
জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে প্রায় ২ কোটি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবহারকারী, অনিয়মের দীর্ঘ সময়কাল, ২০১৯ সালের আগের একটি ব্যবস্থা এবং তদন্তে মেটার সহযোগিতার ঘাটতিকে বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ।
তবে এই তদন্তে ব্যবহারকারীদের ছবি বা ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। মেটা এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। ২০২৬ সালে চালু হওয়া ফোনের গ্যালারির ছবি ক্লাউডে প্রক্রিয়াকরণের নতুন ফিচারটি আলাদাভাবে পর্যালোচনা করার সুযোগও রেখেছে ইতালির কর্তৃপক্ষ।
এদিকে জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে মেটার। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।