তারুণ্য

যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণ প্রজন্মের মধ্যে নিজেদের দেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় পডকাস্টার জো রোগান। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অনেক তরুণ এখন মার্কিন পতাকাকে স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে না দেখে নিপীড়নের প্রতীক হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে সম্পদ অর্জন ও ব্যক্তিগত সাফল্যকেও তাঁরা সন্দেহের চোখে দেখছেন বলে মনে করেন তিনি। থ্যাংকসগিভিংয়ের আগের দিন রেকর্ড করা একটি পডকাস্টে অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ও পডকাস্টার জকো উইলিঙ্কের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন রোগান। আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বিশেষত্ব, স্বাধীনতার ধারণা এবং দেশটির মূল্যবোধ। সেখানে উইলিঙ্ক বলেন, স্বাধীনতাপ্রেমী আমেরিকান পরিচয় ফ্যাসিবাদ ও কমিউনিজমের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। তবে রোগানের মতে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই তরুণদের মধ্যে এসব মূল্যবোধ দুর্বল করে দিচ্ছে। রোগান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া তরুণদের একটি অংশ মার্কিন পতাকাকে নিপীড়নের প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে। বিষয়টি তাঁর কাছে বিস্ময়কর। তাঁর ভাষায়, আমেরিকার পতাকা শুধু একটি প্রতীক নয়; এটি দেশটির জনগণ এবং নিজেদের সরকার পরিচালনার একটি ঐতিহাসিক ধারণার প্রতিনিধিত্ব করে। আলোচনায় যুক্তরাষ্ট্রে সামাজিক ও অর্থনৈতিক উন্নতির সুযোগের বিষয়টিও তুলে ধরেন রোগান। তাঁর মতে, সাধারণ বা দরিদ্র পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় প্রতিষ্ঠানের মালিক হওয়া কিংবা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গল্প আমেরিকান সমাজে বিশেষভাবে উদ্‌যাপিত হয়। তিনি এমন একজন ব্যক্তির উদাহরণ দেন, যিনি প্রতিকূল পরিবেশে বেড়ে উঠে নিজের চেষ্টায় একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানে বহু মানুষের কর্মসংস্থান করেছেন এবং পরে সমাজের জন্যও কাজ করছেন। রোগানের মতে, এ ধরনের সাফল্য অর্জনের সুযোগ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি যুক্তরাজ্যসহ অন্য কিছু দেশের সামাজিক কাঠামোর সঙ্গে তুলনা করে বলেন, সব দেশে একইভাবে সামাজিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। ভারতের বর্ণভিত্তিক সামাজিক কাঠামোর কথাও উল্লেখ করেন তিনি। তবে রোগানের অভিযোগ, বর্তমানে অনেক তরুণ ধনী বা সফল ব্যক্তিকে দেখলে তাঁর সাফল্যের পেছনে পরিশ্রম বা দক্ষতার বদলে অন্যের সম্পদ আত্মসাতের বিষয়টি কল্পনা করেন। তাঁদের মধ্যে সম্পদ বৈষম্য ও ন্যায্য বণ্টন নিয়ে এমন ধারণা তৈরি হচ্ছে, যা তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখানো হচ্ছে বলে মনে করেন। তাঁর দাবি, বাস্তব অভিজ্ঞতা নেই—এমন শিক্ষকেরা শিক্ষার্থীদের এসব ধারণা দিচ্ছেন। রোগান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শেখা ধারণার সঙ্গে বাস্তব সমাজের মিল না পেলে কিছু তরুণ পুরো ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলতে পারেন। তাঁর বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে পাওয়া শিক্ষা ও বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে ব্যবধান তৈরি হলে তরুণদের মধ্যে হতাশা বাড়তে পারে। এ আলোচনায় রোগানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক মুখপাত্র এলিজাবেথ পিপকো। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অনেক তরুণকে শেখানো হচ্ছে পুঁজিবাদ খারাপ। তাঁর মতে, এতে শিক্ষার্থীদের এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়া হচ্ছে, যেখানে পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে সাফল্য অর্জনের সুযোগ রয়েছে। পিপকোর অভিযোগ, অনেক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রকে নিপীড়ক দেশ হিসেবে তুলে ধরা হয়। অথচ বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, উদ্ভাবন ও সুযোগ সৃষ্টির ভূমিকা যথাযথভাবে আলোচনা করা হয় না। তিনি আরও বলেন, ভিন্নমতকে অনেক ক্ষেত্রে আপত্তিকর হিসেবে দেখা হচ্ছে। অথচ শিক্ষার্থীদের বিভিন্ন মতাদর্শের সঙ্গে পরিচিত হওয়া এবং যুক্তি দিয়ে নিজস্ব অবস্থান গড়ে তোলার সুযোগ থাকা উচিত। তবে রোগান ও পিপকোর বক্তব্য তাঁদের নিজস্ব মূল্যায়ন। আলোচনায় যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সামগ্রিক চিত্র বা শিক্ষার্থীদের মনোভাব নিয়ে কোনো পরিসংখ্যান কিংবা গবেষণার ফল উপস্থাপন করা হয়নি। ফলে তাঁদের মন্তব্যকে শিক্ষাব্যবস্থার সব প্রতিষ্ঠান বা তরুণ প্রজন্মের সামগ্রিক অবস্থার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। তবু ইতিহাস কীভাবে পড়ানো হবে, জাতীয় পরিচয় গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা কতটা হওয়া উচিত এবং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের পাশাপাশি সমালোচনামূলক চিন্তার চর্চা কীভাবে নিশ্চিত করা যায়—এসব প্রশ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কে রোগানের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।