যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সাভানা গাথরি-র ৮৪ বছর বয়সী মা ন্যান্সি গাথরি অপহরণের কয়েক দিন পর পাঠানো একটি চিঠিতে দাবি করা হয়েছে যে তিনি মারা গেছেন। তদন্তকারীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
জানুয়ারিতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ন্যান্সি গাথরির পরিবারের উদ্দেশে দুটি চিঠি পাঠানো হয়। প্রথম চিঠিতে তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন দাবি করা হয়। তবে দ্বিতীয় চিঠিতে বলা হয়, ন্যান্সি গাথরি মারা গেছেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্ভাব্য অপহরণকারীরা দ্বিতীয় চিঠিতে লিখেছিল যে তারা ন্যান্সির মৃত্যু ঘটাতে চায়নি এবং এ ঘটনার জন্য পরিবারের কাছে ক্ষমাও চেয়েছে। তবে পিমা কাউন্টি শেরিফস ডিপার্টমেন্ট চিঠিগুলোর বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, তদন্ত এখনও চলমান রয়েছে।
শেরিফ বিভাগের এক মুখপাত্র জানান, তারা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তদন্তকারীরা বিভিন্ন সূত্র অনুসরণ করছেন, তথ্য যাচাই করছেন এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসন শহরের কাছে নিজের বাড়িতে স্বজনদের মাধ্যমে পৌঁছে দেওয়ার পর গত ৩১ জানুয়ারি ন্যান্সি গাথরিকে শেষবার দেখা যায়। পরদিন তিনি এক বন্ধুর বাড়িতে ভার্চুয়াল চার্চ সেবা দেখার জন্য না গেলে উদ্বেগ সৃষ্টি হয় এবং তার নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে।
তদন্তকারীদের মতে, নিখোঁজ হওয়ার পরদিন পাঠানো প্রথম মুক্তিপণের চিঠিতে তার বাড়ি, শয়নকক্ষ এবং আশপাশের পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। চিঠিটি সাভানা গাথরির উদ্দেশে লেখা হয়েছিল বলে জানা গেছে।
পরে জানা যায়, ৬ ফেব্রুয়ারি পাঠানো দ্বিতীয় চিঠিতে প্রথম চিঠির মতোই ভাষা ব্যবহার করা হলেও সেখানে কোনো অর্থ দাবি করা হয়নি। বরং ন্যান্সির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং বলা হয়, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল।
দুটি চিঠি পাওয়ার পর সাভানা গাথরি ও তার ভাইবোনেরা অপহরণকারীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে আবেগাপ্লুত সাভানা বলেন, “আমরা তোমাদের বার্তা পেয়েছি এবং বুঝতে পেরেছি। এখন আমরা অনুরোধ করছি, আমাদের মাকে ফিরিয়ে দাও।” তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অর্থ পরিশোধ করা হবে।
এদিকে কর্তৃপক্ষ ও গাথরি পরিবার বারবার সতর্ক করে জানায়, ন্যান্সি গাথরি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং তার জরুরি ওষুধের প্রয়োজন ছিল। অনুসন্ধান চলাকালে তার বাড়ির বাইরে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা মুখোশ পরা এক ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়।
ন্যান্সি গাথরিকে জীবিত বা তার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য গাথরি পরিবার ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এছাড়া এফবিআই আরও ১ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেয়।
গত ২৪ ফেব্রুয়ারি সাভানা গাথরি বলেন, তারা এখনও আশা ছাড়েননি, যদিও পরিবারের আশঙ্কা—ন্যান্সি হয়তো আর বেঁচে নেই। মার্চ মাসে এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, একাধিক মুক্তিপণের চিঠি পাওয়া গেছে, যার কিছু ভুয়া বলে তারা মনে করেন। তবে প্রথম দুটি চিঠিকে পরিবার সত্য বলে বিশ্বাস করে।
তদন্ত চলাকালে সাভানা গাথরি দুই মাসেরও বেশি সময়ের জন্য এনবিসির টুডে অনুষ্ঠান থেকে বিরতি নিয়েছিলেন। পরে এপ্রিলের শুরুতে তিনি আবার অনুষ্ঠানে ফিরে আসেন, যদিও তার মায়ের সন্ধানে অনুসন্ধান এখনও অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম