আইটি

"আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভয়ংকর সব সতর্কবার্তা দিচ্ছেন খোদ এআই কোম্পানিগুলোর কর্মীরাই। কিন্তু সিলিকন ভ্যালির একাংশ এসব সতর্কবার্তাকে পাত্তাই দিচ্ছে না। বরং তাদের সন্দেহ, এসব মন্তব্য আসলে নতুন প্রোডাক্টের কৃত্রিম উত্তেজনা তৈরি করার একটা চাল! প্রতি বছরের সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোর প্যালেস হোটেলে জড়ো হন সিলিকন ভ্যালির শীর্ষ কর্তারা। বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের আয়োজনে এই সম্মেলনে তাঁরা বিনিয়োগকারীদের মুগ্ধ করার চেষ্টা করেন। গত সপ্তাহে প্রবৃদ্ধি আর সম্ভাব্য মুনাফার আলোচনার ফাঁকে আলোচনায় চলে আসে অ্যানথ্রোপিকের গবেষক জ্যাকব কক্সনের আকস্মিক পদত্যাগের বিষয়টি। মাত্র ২৭ বছর বয়সী কক্সন আগে কাজ করেছেন ওপেনএআই-তে। পরে যোগ দেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিকে। মঙ্গলবার তিনি বললেন, এআই তৈরিতে যুক্ত মানুষদের বিশ্বাস, এই প্রযুক্তি মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে। তিনি বললেন, তাঁরা "আমাদের জীবন নিয়ে জুয়া খেলছেন"। তাঁর দাবি, খুব শিগগিরই এগুলো এমন অতিমানবীয় সিস্টেম হয়ে উঠবে, যা যেকোনো কিছু হ্যাক করতে পারবে। কক্সন অবশ্য এআই নিয়ে প্রকাশ্যে সতর্ক করা প্রথম কেউ নন। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা উদ্বেগের কারণে অ্যানথ্রোপিক ও ওপেনএআই থেকে একের পর এক উচ্চপর্যায়ের কর্মী পদত্যাগ করেছেন। কক্সনের পোস্টের সমর্থনে সুর মিলিয়েছেন অ্যানথ্রোপিকের বর্তমান কিছু কর্মীও। অ্যানথ্রোপিকের এক টিম লিড ইভান হুবিঙ্গার এক্সে লিখেছেন, "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে! ব্যক্তিগতভাবে আমি মনে করি আগামী এক দশকে এর সম্ভাবনা ১০ শতাংশের বেশি।" কক্সন তাঁর পোস্টে স্পষ্ট করে বলেছেন, তাঁর সতর্কবার্তা "মার্কেটিং নয়"। তবুও সিলিকন ভ্যালির কিছু নির্বাহী ও বিনিয়োগকারী সাম্প্রতিক এই সতর্কবার্তাগুলোকে সন্দেহের চোখে দেখছেন। জানা গেছে, অ্যানথ্রোপিক ও ওপেনএআই সম্ভাব্য রেকর্ডভাঙা প্রাথমিক পাবলিক অফারিং (আইপিও)-এর প্রস্তুতি নিচ্ছে। টেক সেক্টরের কেউ কেউ বলছেন, এআইয়ের বিপদ নিয়ে এই হঠাৎ কঠিন কঠিন মন্তব্যগুলো হয়তো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে—যাতে বোঝানো যায়, এই প্রোডাক্টগুলো কত শক্তিশালী, আর তাতেই বাড়ে কৃত্রিম উত্তেজনা। অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই অবশ্য সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেছিলেন, এআই প্রযুক্তি এন্ট্রি-লেভেলের অর্ধেক হোয়াইট-কলার চাকরি মুছে দিতে পারে এবং এটি "আমরা কোন প্রজাতি, সেটাই পরীক্ষা করে দেখবে"। সম্মেলনের এক বক্তা, এলজিবিটিকিউ+ ডেটিং অ্যাপ গ্রাইন্ডারের প্রধান নির্বাহী জর্জ অ্যারিসন বিবিসিকে বলেছেন, কক্সন ও অন্যদের এ সপ্তাহের মন্তব্যগুলো অ্যানথ্রোপিকের "সভ্যতা-বিরোধী বিশ্বদর্শনের" পরিচয় দেয়। তিনি এগুলোকে "বিপজ্জনক" বলে অভিহিত করেন। তিনি জানান, এ কারণেই তিনি গ্রাইন্ডারের কিছু ইঞ্জিনিয়ারকে অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অ্যারিসন বলেন, "শেয়ারহোল্ডারদের অর্থের রক্ষক হিসেবে আমরা এমন একটি ব্যবসার ওপর নির্ভর করব, যারা প্রকাশ্যে এসব বলে—এটা দায়িত্বজ্ঞানহীন কাজ।" তিনি আরও বলেন, "হয়তো তারা সত্যিই এসব বিশ্বাস করে। অথবা আপনি বলতে পারেন, তারা এটা বলছে কারণ এভাবে বিনিয়োগকারীদের সমর্থন বাড়ানো সহজ হয়। কারণ এই মূল্যায়নগুলো ন্যায্য প্রমাণ করার একমাত্র উপায় হলো দাবি করা—'আমি প্রতিটি ইন্ডাস্ট্রি দখল করব, প্রতিটি চাকরি দখল করব, আর আমার এআই এসব কাজ করবে।'" চলতি বছরের শুরুতে সর্বশেষ তহবিল সংগ্রহের রাউন্ডে অ্যানথ্রোপিকের মূল্য নির্ধারণ করা হয় ৯৬৫ বিলিয়ন ডলার (৭১৩ বিলিয়ন পাউন্ড)। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি অ্যানথ্রোপিকের কাছে অনুরোধ জানিয়েছে। শনিবার ভোরে প্রকাশিত এক প্রবন্ধে আমোদেই এআই মডেল উন্নয়ন ধীর করার এবং বৈশ্বিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এআই-সংক্রান্ত ঝুঁকিগুলো "গুরুতর"।