যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে আয়োজিত বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ফিলাডেলফিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া এবং কলোরাডো—বিভিন্ন অঙ্গরাজ্যে গরমের কারণে জনসমাগমের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ায় একাধিক ব্যক্তিকে চিকিৎসা দিতে হয়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে স্থানীয় সময় বিকেল ৫টায় মেলাটি আবার খুলে দেওয়া হয়।
ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, রেকর্ড তাপমাত্রার কারণে মেলায় অনেকেই গরমজনিত অসুস্থতায় আক্রান্ত হন। অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সবাই গরমের কারণে অসুস্থ হয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, ফিলাডেলফিয়ায় স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 'স্যালুট টু ইন্ডিপেনডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড'। কিন্তু তীব্র গরমের কারণে সেটিও বাতিল করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ওয়াওয়া ওয়েলকাম আমেরিকার প্রধান নির্বাহী মাইকেল ডেলবেনে বলেন, “এত বড় আয়োজন এই বিপজ্জনক আবহাওয়ায় করা সম্ভব নয়। অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ওয়াশিংটন ডিসিতেও স্বাধীনতা দিবসের একটি সকালের প্যারেড বাতিল করা হয়েছে। এছাড়া ক্যাপিটল ফোর্থ কনসার্টে দর্শকদের প্রবেশের সময়ও কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ রেকর্ড তাপমাত্রার মধ্যে ছিলেন। ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আর্দ্রতার কারণে তা আরও বেশি, অর্থাৎ প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে।
এমন পরিস্থিতিতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খোলা আকাশের নিচে ভাষণ দেওয়ার পরিকল্পনা বজায় রেখেছেন। তিনি আগেই জানিয়েছেন, এই অনুষ্ঠানে তিনি দীর্ঘ ভাষণ দেবেন।
এদিকে নিউইয়র্ক সিটিতেও বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা ২০১২ সালের পর সর্বোচ্চ। শহরের মেয়র জোহরান মামদানি সতর্ক করে বলেছেন, বর্তমান আবহাওয়া মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তজুড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। একই সঙ্গে উত্তরাঞ্চল, মধ্য-পশ্চিম ও গ্রেট লেকস এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি, দমকা হাওয়া, আকস্মিক বন্যা এমনকি কোথাও কোথাও টর্নেডোর আশঙ্কাও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আগের তুলনায় আরও ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী হচ্ছে। শিল্পবিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম