ক্যালিফোর্নিয়ার গার্ডেনা শহরে ৫ লাখ ডলারের বেশি মূল্যের চোরাই ও নকল পণ্য উদ্ধারের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ সেপ্টেম্বর গার্ডেনা পুলিশ বিভাগের কর্মকর্তারা একটি ল্যাম্বরগিনি গাড়ি থামিয়ে তল্লাশি চালান। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে, তিনি বর্তমানে প্রবেশনের আওতায় রয়েছেন।
পরে ওই ব্যক্তির বাড়িতে প্রবেশন তল্লাশি চালায় পুলিশ। সেখানে বিপুল পরিমাণ পোশাক, জুতা ও অন্যান্য পণ্য পাওয়া যায়। এসব পণ্য কার্গো চুরি, ট্রেন থেকে পণ্য চুরি এবং নকল পণ্য বিক্রির সঙ্গে জড়িত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা সব পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ডলারেরও বেশি।
কর্তৃপক্ষ এখন এসব পণ্যের উৎস খুঁজে দেখছে। এগুলো অন্য কোনো চুরি বা অপরাধের সঙ্গে যুক্ত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্ত চলমান থাকায় গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় আরও কোনো বিস্তারিত তথ্যও জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ডিটেকটিভ গিলের সঙ্গে ৩১০-২১৭-৯৬২৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।