ক্যালিফোর্নিয়ায় একটি খালের পানিতে পাওয়া অদ্ভুত দেখতে পাথর আসলে ছিল প্রায় ১০ হাজার বছরের পুরোনো এক ম্যাস্টোডনের দাঁত। বিজ্ঞানীরা বলছেন, দাঁতটি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং এটি বিরল একটি আবিষ্কার।
সান মাতেও কাউন্টির একটি সংরক্ষিত এলাকায় মাঠপর্যায়ের জরিপ চালানোর সময় দাঁতটি খুঁজে পান ভূ-আকৃতিবিদ ব্রিজিড লিঞ্চ। তিনি সেখানে একটি আবাসস্থল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে খালের জরিপ করছিলেন।
প্রথমে দাঁতটিকে অস্বাভাবিক দেখতে একটি পাথর বলে মনে হয়েছিল। পরে পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি একটি পূর্ণাঙ্গ ম্যাস্টোডনের দাঁত। প্রাণীটি ছিল আধুনিক হাতির বিলুপ্ত আত্মীয় এবং একসময় ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বিচরণ করত।
গবেষকদের ধারণা, দাঁতটির বয়স প্রায় ১০ হাজার বছর হতে পারে।
আবিষ্কারের বিষয়ে লিঞ্চ বলেন, ভূতত্ত্ববিদ হিসেবে মাঠপর্যায়ে কাজ করার সময় তিনি নানা ধরনের জিনিস দেখেছেন। তবে এমন উত্তেজনাপূর্ণ কিছু এর আগে কখনো পাননি।
ফসিলটি পরীক্ষা করা জীবাশ্মবিদদের মতে, দাঁতটি অস্বাভাবিকভাবে ভালো অবস্থায় রয়েছে। জীবাশ্মবিদ ও প্যাসিফিক প্যালিওন্টোলজির মালিক ওয়েন থম্পসন বলেন, দাঁতটির অবস্থা প্রায় নিখুঁত।
প্যাসিফিক ম্যাস্টোডনরা প্লাইস্টোসিন যুগে পৃথিবীতে বিচরণ করত। এই যুগ শুরু হয়েছিল প্রায় ২৫ লাখ বছর আগে এবং প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে শেষ হয়। ধারণা করা হয়, ওই সময়ের শেষ দিকে ম্যাস্টোডনরা বিলুপ্ত হয়ে যায়।
আবিষ্কৃত দাঁতটি এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডোর স্কুল অব সাসটেইনেবিলিটিতে দান করা হয়েছে। গবেষকেরা কার্বন ডেটিংয়ের মাধ্যমে দাঁতটির বয়স আরও নির্ভুলভাবে নির্ধারণ করার পরিকল্পনা করছেন।
এ ছাড়া ফসিলটির ত্রিমাত্রিক (থ্রিডি) স্ক্যান তৈরি করা হবে। শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও শিক্ষামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে এর একটি প্রতিরূপও তৈরি করা হবে।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার বর্তমানের উত্তর ক্যালিফোর্নিয়ার বে এরিয়া এলাকায় হাজার হাজার বছর আগে কী ধরনের প্রাণী বাস করত, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে।
স্ট্যানফোর্ডের জিওসায়েন্স স্পেসিমেন কালেকশনের কিউরেটর ও ব্যবস্থাপক ক্রিস্টিন গার্সিয়ার ভাষায়, অতীতের জীববৈচিত্র্য সম্পর্কে জানার অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ হলো জীবাশ্ম। এই দাঁত সেই হারিয়ে যাওয়া প্রাণিজগতেরই একটি বিরল নিদর্শন।