আমেরিকা

মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার সক্ষমতা আরও দুর্বল করতেই নতুন করে এসব হামলা চালানো হয়েছে। এই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। সম্প্রতি জর্ডানে দুইজন এবং ইরাকে একজন—মোট তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় তিনি বলেন, আগের রাতের হামলায় ইরানকে ‘কঠোরভাবে আঘাত করা হয়েছে’ এবং তা নিহত সেনাদের প্রতি সম্মান জানাতেই করা হয়েছে। সর্বশেষ হামলার পর ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ লিপ্ত রয়েছে ইরান। তবে তিনি জানান, যুদ্ধবিরতি ভেঙে গেলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে এখনো কূটনৈতিক বার্তা আদান-প্রদান চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, হামলার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, হামলার শিকার হওয়া দুটি তেলবাহী ট্যাংকারের নাবিকদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজের কর্মীদের লাইফবোটে উঠে জাহাজ ত্যাগ করতে হয়েছে। তবে এটি ইরানের উল্লেখ করা দুটি ট্যাংকারের একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন টেক্সাসের ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস এবং হাওয়াইয়ের ২৫ বছর বয়সী লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান। তারা গত সপ্তাহে জর্ডানের মুওয়াফফাক সালতি ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হন। সেন্টকম জানিয়েছে, ওই হামলার পর আরেক সেনা নিখোঁজ হন এবং পরে ঘটনাস্থলের কাছে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়। এদিকে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একই সময়ে কুয়েত জানিয়েছে, তারা ইরানের কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। বাহরাইনের দাবি, ইরানের ড্রোন তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালালেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেইনিসহ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জাহাজ দুটি প্রণালির দক্ষিণাংশের একটি ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ’ পথ ব্যবহার করছিল এবং সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে যুক্তরাষ্ট্রের সেন্টকম এই দাবির সত্যতা অস্বীকার করেছে।

এলএবাংলাটাইমস/ওএম