প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (WHCA)-এর বার্ষিক নৈশভোজে অংশ নিয়ে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা মন্তব্য ও কটাক্ষ করেছেন। তিন মাস আগে এক বন্দুক হামলার কারণে অনুষ্ঠানটি মাঝপথে বাতিল হওয়ায় এবার নতুন করে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাংবাদিকরাও ছিলেন, যাদের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক ও সংবাদদলকে পুরস্কৃত করা হয় এবং ট্রাম্প তাদের সঙ্গে করমর্দন করেন।
সাধারণত এই নৈশভোজে মার্কিন প্রেসিডেন্টরা হালকা মেজাজে বক্তব্য দেন। ট্রাম্পও শুরুতে রসিকতা করে বলেন, “দ্বিতীয়বার সবসময়ই আরও ভালো হয়।” তিনি আরও বলেন, তিনি গণমাধ্যমের “অধিকাংশকেই” সম্মান করেন।
তবে কিছুক্ষণ পরই তার বক্তব্যের সুর বদলে যায়। তিনি কয়েকটি সংবাদমাধ্যমকে “ভুয়া সংবাদ” ছড়ানোর অভিযোগ করেন এবং উপস্থিত অনেক সাংবাদিককে “ট্রাম্প ডেরেঞ্জমেন্ট সিনড্রোমে” আক্রান্ত বলে কটাক্ষ করেন।
বক্তব্যের শেষ দিকে ট্রাম্প ‘Trump 2028’ লেখা একটি টুপি পরে রসিকতার ছলে বলেন, তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। পরে আরও মজা করে বলেন, তিনি নাকি চতুর্থবারের মতোও প্রেসিডেন্ট পদে লড়বেন।
যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না। তবুও ট্রাম্প প্রায়ই তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়ে থাকেন।
অনুষ্ঠানে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়েইজিয়া জিয়াং বলেন, আগামী বছরের অনুষ্ঠান আবারও ওয়াশিংটন হিলটন হোটেলেই অনুষ্ঠিত হবে, যেখানে গত এপ্রিলে হামলার ঘটনা ঘটেছিল। তিনি বলেন, “সহিংসতার কাছে আমরা হার মানব না।”
এপ্রিলের সেই হামলায় প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে এগিয়ে আসা এক বন্দুকধারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন। এ সময় আহত হওয়া ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তা ভিক্টর গনজালেজকে অনুষ্ঠানে সাহসিকতার জন্য সম্মাননা দেওয়া হয়। ট্রাম্প নিজ হাতে তাকে পুরস্কার তুলে দেন।
নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা মতপার্থক্যের সমাধান গুলি দিয়ে নয়, মুক্ত ও প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে করি। কোনো উন্মাদ বন্দুকধারী আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না।”
তিনি আরও বলেন, “মাঝেমধ্যে আমার সত্যিই মনে হয়, আপনাদের অনেকেই আমাকে পছন্দ করেন না।” এরপর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “এখানে সম্ভবত সবচেয়ে বেশি ‘ট্রাম্প ডেরেঞ্জমেন্ট সিনড্রোমে’ আক্রান্ত মানুষ একসঙ্গে জড়ো হয়েছেন।”
ট্রাম্প আরও দাবি করেন, তিনি ক্ষমতা ছাড়ার পর সংবাদমাধ্যমের ব্যবসা কঠিন হয়ে যাবে, কারণ তখন তাদের কাছে তাকে নিয়ে সংবাদ করার সুযোগ থাকবে না।
এবারের অনুষ্ঠানটি আগের তুলনায় অনেক ছোট পরিসরে অনুষ্ঠিত হয়। যেখানে এপ্রিলে প্রায় ২ হাজার অতিথি উপস্থিত ছিলেন, সেখানে এবার অংশ নেন প্রায় ৭০০ জন। নিরাপত্তাও ছিল অত্যন্ত কঠোর। হোটেলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ রাখা হয় এবং অতিথিদের একাধিকবার পরিচয় যাচাই ও নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।
গত এপ্রিলের হামলার ঘটনায় ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তা সদস্যরা তাকে অনুষ্ঠানস্থলের বলরুমে প্রবেশের আগেই আটক করেন।
এবারের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, এফবিআই পরিচালক কাশ প্যাটেল, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম