আমেরিকা

নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন একটি সরকারি টাস্কফোর্স গঠন করেছেন। এর নেতৃত্বে থাকছেন দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন। ট্রাম্প নতুন এই উদ্যোগের নাম দিয়েছেন “সুপার ইন্টেলিজেন্স ফোর্স”। এর লক্ষ্য হলো এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা এবং সরকারি পর্যায়ে এআই ব্যবহারের জন্য সমন্বিত কৌশল তৈরি করা। টাস্কফোর্সটি ১২০ দিনের মধ্যে এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে একটি প্রতিবেদন দেবে এবং এ ক্ষেত্রে ফেডারেল সরকারের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়ে সুপারিশ করবে। উন্নত এআই ব্যবহার করে সাইবার হামলা ও অন্যান্য নিরাপত্তা হুমকি মোকাবিলার পরিকল্পনাও এর কাজের অংশ। ক্লেটনের সঙ্গে টাস্কফোর্সের নেতৃত্বে থাকছেন ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন, প্রতিরক্ষা বিভাগের গবেষণা ও প্রকৌশলবিষয়ক আন্ডারসেক্রেটারি এমিল মাইকেল এবং অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এতে যুক্ত থাকবেন। ট্রাম্প প্রশাসন এআই নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের পরিবর্তে উদ্ভাবন ও প্রতিযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছে। তবে শক্তিশালী এআই মডেলের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় সাইবার নিরাপত্তা, গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। ক্লেটনের নিয়োগকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্ব দিচ্ছেন। ফলে এআইকে শুধু প্রযুক্তিগত বিষয় নয়, জাতীয় নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবেও দেখছে ট্রাম্প প্রশাসন।