পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবন থেকে বুখিনস্কি ইয়েভজেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুখিনস্কি ইয়েভজেনি রূপপুর প্রকল্পে অ্যাটমটেক এনার্গো (এটিই) কোম্পানির হয়ে কাজ করতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।