ক্যানসারে আক্রান্ত এক নারী কানাডার স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসা পেতে দীর্ঘসূত্রতা ও নানা জটিলতার মুখে পড়ার অভিযোগ তুলে দেশটি ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তাঁর ও স্বামীর দাবি, ক্যানসারের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা হওয়ার আগেই তাঁকে চিকিৎসকের সহায়তায় মৃ ত্যুর (এমএআইডি) কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। তাঁদের কাছে বিষয়টি ছিল অত্যন্ত হতাশাজনক।
মার্কিন বিমানবাহিনীর সাবেক সদস্য ক্রিস্টিন লোগান স্টেজ-৪ ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত। স্বামী ডোনোভান জেমসের সঙ্গে তিনি কানাডায় বসবাস শুরু করেছিলেন। তাঁদের আশা ছিল, দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবার মাধ্যমে চিকিৎসার খরচ নিয়ে আর্থিক সংকটে পড়তে হবে না।
২০২৩ সালের সেপ্টেম্বরে লোগানের ক্যানসার শনাক্ত হয়। ২০২৪ সালের মার্চে তাঁর অন্ত্রে বাধা সৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জেমসের ভাষ্য অনুযায়ী, ওই সময় কানাডার চিকিৎসকেরা অস্ত্রোপচারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন। তাঁকে ভ্যাঙ্কুভারে নেওয়ার জন্য হাসপাতালের হেলিকপ্টারও পাওয়া যায়নি। এক চিকিৎসক তাঁদের সামর্থ্য থাকলে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
জেমসের অভিযোগ, চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগেই তাঁদের কাছে চিকিৎসকের সহায়তায় মৃ ত্যুর কর্মসূচির তথ্য পৌঁছায়। লোগান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের আগেই জীবনের অবসান ঘটানোর পদ্ধতি সম্পর্কে তথ্য পাওয়া তাঁর জন্য ছিল হৃদয়বিদারক অভিজ্ঞতা।
পরে লোগানের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত নেয়। জেমসের বর্ণনা অনুযায়ী, তাঁরা হাসপাতাল থেকে লোগানকে নিয়ে ভ্যাঙ্কুভার আইল্যান্ডের পথে গাড়িতে যান। পরে ফেরিতে করে যুক্তরাষ্ট্রের সিয়াটলে পৌঁছান। সেখানে তাঁর জরুরি অস্ত্রোপচার হয়।
জেমসের দাবি, অস্ত্রোপচার করা চিকিৎসক জানিয়েছিলেন, আরও এক দিন দেরি হলে লোগানের শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে তাঁর প্রাণহানির আশঙ্কা ছিল।
দম্পতি ২০২৫ সালের জানুয়ারিতে কানাডা ছাড়ার সিদ্ধান্ত নেন। একই বছরের মে মাসে তাঁরা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরে যান।
কানাডার এমএআইডি কর্মসূচির আওতায় নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী ব্যক্তিরা চিকিৎসকের সহায়তায় জীবনের অবসান ঘটাতে পারেন। তবে কোনো রোগীকে এ বিষয়ে তথ্য দেওয়া এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির প্রস্তাব দেওয়া বা যোগ্য ঘোষণা করা এক বিষয় নয়। লোগানের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে এমএআইডি কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।
কানাডার স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষার সময় নিয়েও উদ্বেগ রয়েছে। ফ্রেজার ইনস্টিটিউটের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গাইনোকোলজি চিকিৎসার ক্ষেত্রে সাধারণ চিকিৎসকের কাছ থেকে বিশেষজ্ঞের কাছে পাঠানোর পর পরামর্শ পেতে মধ্যম অপেক্ষার সময় ছিল ২৫ সপ্তাহ। বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার পর চিকিৎসা শুরু হতে আরও গড়ে ১৫ দশমিক ৬ সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে।
এ বিষয়ে ফক্স নিউজ ডিজিটালের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশের সময় কানাডার স্বাস্থ্য বিভাগ কোনো জবাব দেয়নি।