বাংলাদেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন গু লি বি দ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত (২০), চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা (২১), সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৯) এবং কবির মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৩৭)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা শহরের গোলচত্বর এলাকায় জড়ো হন। সেখানে দুই গ্রামের দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় চারজন গু লি বি দ্ধসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সেখান থেকে সরে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বিস্তারিত খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।