বাংলাদেশ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

নভেম্বর মাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রলবোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকটির শাখায় এ ধরনের হামলার ঘটনা ঘটছে। এসব হামলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে তাঁর ধারণা, প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে। গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি। ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক শুধু ঋণ পাওয়ার প্রতিষ্ঠান নয়, বরং পরিবারের খরচ চালানো, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন। বিবৃতিতে নিজের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বর্তমান মালিকানা ও পরিচালনার কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের হাতে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না। বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি হামলার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন ইউনূস। তিনি জানান, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। ব্যাংকটির কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, বিশেষ করে দরিদ্র নারীদের ঋণ ও অন্যান্য সেবা যেন অব্যাহত থাকে, সে জন্য এ অনুরোধ জানানো হয়েছে। হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান সাবেক এই প্রধান উপদেষ্টা।