ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় উপকূলে থ্যাংকসগিভিংয়ের ছুটির সপ্তাহে রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কা দেখা দিয়েছে। অস্বাভাবিকভাবে উঁচু জোয়ার, বিশাল সামুদ্রিক ঢেউ এবং সমুদ্রপৃষ্ঠের বাড়তি উচ্চতা মিলিয়ে উপকূলীয় এলাকায় বন্যা ও ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। এতে ছুটির দিনের ভ্রমণ ও সমুদ্রসৈকতকেন্দ্রিক পরিকল্পনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় জোয়ারের পানি অস্বাভাবিক উচ্চতায় পৌঁছাতে পারে। বুধবার ও বৃহস্পতিবার, অর্থাৎ থ্যাংকসগিভিংয়ের আগের দিন ও উৎসবের দিন, সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
লস এঞ্জেলেস, ভেনচুরা, সান্তা বারবারা ও সান লুইস অবিসপো কাউন্টির উপকূলে পানির উচ্চতা ৮ দশমিক ১ থেকে ৮ দশমিক ৬ ফুটে পৌঁছাতে পারে। সান ডিয়েগো ও অরেঞ্জ কাউন্টিতেও জোয়ারের উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ৮ ফুটের বেশি উচ্চতা অনেক এলাকায় আগের রেকর্ডের কাছাকাছি বা তার বেশি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাব, সমুদ্রের অস্বাভাবিক উষ্ণতা এবং চন্দ্র-সূর্যের অবস্থানের কারণে জোয়ারের উচ্চতা বাড়ছে। এর সঙ্গে পশ্চিম দিক থেকে আসা দীর্ঘস্থায়ী ও শক্তিশালী সামুদ্রিক ঢেউ যুক্ত হলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।
উপকূলীয় নিচু এলাকা, সড়ক, পার্কিং লট, বাড়িঘর ও পিয়ার বা জেটিতে পানি উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিল বিচ, হান্টিংটন বিচ ও নিউপোর্ট বিচের মতো উপকূলীয় শহরগুলোতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথাও বালুর বাঁধ, বালুর বস্তা ও পানি সরানোর পাম্প ব্যবহার করা হচ্ছে।
উচ্চ জোয়ারের পাশাপাশি ‘স্নিকার ওয়েভ’ বা আকস্মিক বড় ঢেউয়ের ঝুঁকিও রয়েছে। এ ধরনের ঢেউ আগের ঢেউয়ের তুলনায় অনেক দূর পর্যন্ত সৈকতের ভেতরে চলে আসতে পারে। এতে সৈকতে থাকা মানুষ, পাথর বা জেটির ওপর অবস্থানকারীরা বিপদে পড়তে পারেন।
কর্তৃপক্ষের পরামর্শ, সমুদ্রের কাছাকাছি ঝুঁকিপূর্ণ স্থান থেকে দূরে থাকতে হবে, সতর্কবার্তা ও সড়ক বন্ধের নির্দেশনা মেনে চলতে হবে এবং বন্যার পানির মধ্যে গাড়ি চালানো যাবে না।
অন্যদিকে, থ্যাংকসগিভিংয়ের দিন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক ও তুলনামূলক উষ্ণ থাকার পূর্বাভাস রয়েছে। তবে তার আগের দিনগুলোতে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।