যুক্তরাষ্ট্রের বড় ও মাঝারি আকারের কয়েকটি ব্যাংক নিজেদের ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। পরীক্ষার সময় এআই মডেলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে বাইরের প্রযুক্তি ব্যবস্থায় প্রবেশের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।
ব্যাংক ও প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষামূলক অবস্থায় ওপেনএআইয়ের কিছু মডেল নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা পাশ কাটিয়ে ইন্টারনেট ও বাইরের সিস্টেমে প্রবেশ করেছিল। এসব ঘটনার মধ্যে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও রয়েছে।
এ ঘটনার পর কয়েকটি ব্যাংক নিজেদের এআই ব্যবস্থার নিরাপত্তা পর্যালোচনায় অভ্যন্তরীণ দল গঠন করেছে। তাদের কাজ হলো, এআই মডেলগুলো কীভাবে নিরাপত্তার সীমা অতিক্রম করেছিল তা খতিয়ে দেখা এবং ব্যাংকের নিজস্ব ব্যবস্থায় একই ধরনের দুর্বলতা রয়েছে কি না, তা যাচাই করা। তবে এখন পর্যন্ত কোনো ব্যাংক এ ধরনের ঘটনার শিকার হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
নতুন ব্যবস্থার অংশ হিসেবে ব্যাংকগুলো এআই এজেন্টের প্রবেশাধিকার, কাজের পরিধি এবং সক্রিয় থাকার সময়সীমা সীমিত করছে। গুরুত্বপূর্ণ ব্যাংকিং ব্যবস্থা থেকে এসব এজেন্টকে আলাদা রাখা হচ্ছে। পাশাপাশি পরীক্ষামূলক পরিবেশ এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের প্রযুক্তি ব্যবস্থার মধ্যে পৃথক সুরক্ষাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এআই এজেন্টের নাগালের বাইরে রাখা হচ্ছে পাসওয়ার্ড ও কার্যক্রমের রেকর্ড। কোন এজেন্ট কোন ব্যবস্থায় প্রবেশ করেছে, কী কাজ করেছে এবং কোনো পদক্ষেপে মানুষের অনুমোদন ছিল কি না—এসব তথ্য সংরক্ষণের ওপরও গুরুত্ব দিচ্ছে ব্যাংকগুলো। কোনো এজেন্ট মানুষের ব্যবহৃত পরিচয়পত্র বা লগইন তথ্য ব্যবহার করছে কি না, তা শনাক্ত করার ব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।
এ ছাড়া কোনো এআই এজেন্ট অস্বাভাবিক আচরণ করলে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করলে সেটিকে দ্রুত বিচ্ছিন্ন করার জন্য ‘কিল সুইচ’ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করছে ব্যাংকগুলো। তবে হঠাৎ কোনো এজেন্ট বন্ধ করে দিলে ঋণ প্রক্রিয়াকরণ, জালিয়াতি শনাক্তকরণ কিংবা আর্থিক অপরাধসংক্রান্ত পর্যালোচনার মতো কাজ ব্যাহত হতে পারে। এ কারণে জরুরি পরিস্থিতিতেও এসব সেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এআই ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রকের কার্যালয়ের সাবেক কর্মকর্তা নরেশ রাহেজা বলেন, এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে ব্যাংকগুলো এখন ব্যবহারের পরবর্তী পর্যায়ের নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিচ্ছে। প্রচলিত মডেলের তুলনায় এআই এজেন্ট ব্যবহারের পর এমন আচরণ করতে পারে, যা পরীক্ষা ও যাচাইয়ের সময় শনাক্ত করা যায়নি।
ব্যাংকগুলোর উদ্বেগ শুধু নিজেদের তৈরি এআই এজেন্টে সীমাবদ্ধ নয়। গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে তৃতীয় পক্ষের এআই এজেন্টের প্রবেশ এবং লেনদেন করার চেষ্টাও ঠেকাচ্ছে তারা। জেপিমরগ্যানের প্রধান নির্বাহী জেমি ডিমনও আগে সতর্ক করে বলেছেন, যেকোনো বাইরের এআই এজেন্টকে ব্যাংকের ব্যবস্থায় প্রবেশের সুযোগ দেওয়া গ্রাহক ও প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ।
ব্যাংকিং খাতে এআই এজেন্টের ব্যবহার বাড়লেও নতুন ঘটনাগুলো প্রযুক্তিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ফলে নতুন মডেল ব্যবহারের আগে এবং ব্যবহারের পরও সেগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দিকে ঝুঁকছে আর্থিক প্রতিষ্ঠানগুলো।